শুরুতে হোঁচট খেয়েছিল বাংলাদেশ। প্রথম সেট হেরে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে কাজাখস্তানকে হারিয়ে এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতেছে বাংলাদেশের রিকার্ভ পুরুষ দল।
ইরাকের সুলাইমানিয়ায় আজ ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়েছেন আবদুর রহমান আলিফ, সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফি। প্রথম সেটে ৫০-৫৩ পয়েন্টে হেরে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়লেও পরের তিন সেট জিতে সোনা নিশ্চিত করেন বাংলাদেশের আর্চাররা।
দ্বিতীয় সেটে ৫৫-৫৪ পয়েন্টে জিতে ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। এরপর তৃতীয় সেটে ৫৫-৫২ পয়েন্টের জয় তুলে নিয়ে এগিয়ে যান সাগর-আলিফ-রাফিরা। চতুর্থ সেটে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত ৫২-৫১ পয়েন্টে সেটটি জিতে ৬-২ ব্যবধানে ফাইনাল শেষ করে বাংলাদেশ।
সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ। সোনার লড়াইয়ে কাজাখস্তানকে হারিয়ে সেই ধারাবাহিকতা ধরে রাখলেন সাগর, আলিফ ও রাফি। এর আগে গতকাল সোনা জিতেছে কম্পাউন্ড নারী দল। আজ সোনার লড়াইয়ে রিকার্ভ নারী বিভাগে সায়মা সালাহ উদ্দিন ও কম্পাউন্ড নারী বিভাগে তির-ধনুক হাতে নামবেন বন্যা আক্তার।

