কড়া নিরাপত্তায় চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর

কড়া নিরাপত্তায় চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে।

আজ সোমবার চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. ইকবাল হোসেন দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চিন্ময়কে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।তিনি বলেন, ভোর ৫টার দিকে চিন্ময়কে চট্টগ্রাম থেকে ঢাকার কেরানীগঞ্জের উদ্দেশে পাঠানো হয়। তাকে বহনকারী গাড়িটি সকাল ১০টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।

কেন স্থানান্তর করা হলো— জানতে চাইলে ইকবাল বলেন, এর কোনো নির্দিষ্ট কারণ নেই। এক কারাগার থেকে অন্য কারাগারে বন্দিদের স্থানান্তর করা কারা প্রশাসনের একটি নিয়মিত প্রক্রিয়া বলে তিনি উল্লেখ করেন।

২০২৪ সালের ৩১ অক্টোবর দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ার পর চট্টগ্রাম আদালত চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় আদালত চত্বরের বাইরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

ভাঙচুর, হামলা, সংঘর্ষ এবং পুলিশের ওপর হামলার ঘটনায় তখন তিনটি মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে ৭৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ১ হাজার ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

পরে আলিফের বাবা জামাল ৩১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। তার ভাই খান-এ-আলম কোতোয়ালি থানায় ৭০ আইনজীবীসহ মোট ১১৫ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন।

পুলিশ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময় কৃষ্ণসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ২০২৬ সালের ১৯ জানুয়ারি আদালত চিন্ময় কৃষ্ণসহ ৩৯ জন আসামির বিরুদ্ধে এই হত্যা মামলায় অভিযোগ গঠন করেন।

জাতীয়