শিশুর যত্ন কে নেবে এই অনিশ্চয়তার কারণে অনেক নারী কাজে যেতে পারছেন না বা কর্মস্থল থেকে ঝরে পড়ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও মানসম্মত শিশুযত্ন সেবা নারীদের কর্মজীবনে প্রবেশ ও কর্মসংস্থানে টিকে থাকতে সহায়তা করতে পারে। একই সঙ্গে তা শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগও তৈরি করে।
বাংলা একাডেমিতে শনিবার ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকরা এসব কথা বলেন।
সিনারগোস বাংলাদেশ, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (বিআইইডি), ব্র্যাক এবং বিশ্ব ব্যাংক গ্রুপ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
দুই দিনের এই সম্মেলনে নারীর কর্মসংস্থান ও শিশুর বিকাশে চাইল্ড কেয়ারের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে বলে ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
সম্মেলনের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন।
তিনি বলেন, “বর্তমান সময়ে শিশুযত্ন একটা বড় ইস্যু। শিশুর যত্ন কে নিবে এই অনিশ্চয়তার কারণে অনেক নারী কাজে যেতে পারছেন না বা কর্মস্থল থেকে ঝরে পড়ছেন। এখানে রাষ্ট্রের দায়িত্ব সবচেয়ে বেশি। বিদ্যমান শিশু দিবাযত্ন কেন্দ্র আইনে কিছু জটিলতা রয়েছে, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে আইনে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করা হবে৷”
অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জঁ পেসমে বলেন, “বাংলাদেশের উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে আরও বেশি কর্মসংস্থান তৈরি করতে হবে। বাড়াতে হবে উৎপাদনশীলতা। দেশের মানবসম্পদের আরও ভালো ব্যবহার নিশ্চিত করতে হবে।
“এ ক্ষেত্রে নারীদের কেন্দ্রে রাখতে হবে। সাশ্রয়ী ও মানসম্মত শিশুযত্ন নারীদের কাজে যুক্ত হতে এবং কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে। পাশাপাশি শিশুদের জীবনের শুরুটা ভালো করতে ভূমিকা রাখে।”
ব্র্যাকের উপ-নির্বাহী পরিচালক অরিঞ্জয় ধর বলেন, “মানসম্মত শিশুযত্ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামোর অংশ। শিশুর বিকাশ ও নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার জন্য এটি অপরিহার্য।”
সম্মেলনের আয়োজকেরা বলেন, একটি শক্তিশালী শিশুযত্ন ইকোসিস্টেম গড়ে তোলা সবার দায়িত্ব। মানের সঙ্গে আপোস না করে সেবার আওতা বাড়াতে সরকার, নিয়োগদাতা, শিশুযত্ন সেবাদাতা, কমিউনিটি ও উন্নয়ন অংশীদারদের একসঙ্গে কাজ করতে হবে।
আলোচকেরা বলেন, শিশু দিবাযত্ন কেন্দ্র আইন শিশুযত্নের জন্য একটি আইনি ভিত্তি তৈরি করেছে। তবে বাস্তবায়ন, নিয়ন্ত্রণ, অর্থায়ন, জনবল উন্নয়ন, মান নিশ্চিতকরণ এবং সেবা প্রদানের ক্ষেত্রে এখনও বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার, বিআইইডির নির্বাহী পরিচালক ইরাম মরিয়ম এবং সিনারগোস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এষা হোসেনও সম্মেলনে উপস্থিত ছিলেন।
ভোক্তা-অধিকার আইনের খসড়া: নিরাপত্তার প্রশ্নে চারটি বড় ফাঁক
ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না
ট্রাম্প-নেতানিয়াহু অক্ষে ধাক্কা: মার্কিন রাজনীতি কি ইসরায়েলকে বদলাবে?
গ্রাম থেকে ভেসে আসে কৃষকের দীর্ঘশ্বাস


