খেলাপি ঋণ আদায় কার্যক্রম ত্বরান্বিত করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতির আওতায় পাঁচটি প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী হিসেবে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।
রোববার (২৯ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে জারি করা বিআরপিডি-২ সার্কুলার লেটার নম্বর ১৯-এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়।
তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলো হলো—বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিআইএসি), হুধহুদ সলিউশনস পিএলসি, লবিয়িং অ্যান্ড দ্য ল (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড, মার্স ফাইন্যান্সিয়াল অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি লিমিটেড এবং সিটিজেনস অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন হাউস।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এর আগে গত ২০ আগস্ট জারি করা বিআরপিডি-২ সার্কুলার নম্বর ৪-এর আওতায় 'বিকল্প বিরোধ নিষ্পত্তির জন্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান তালিকাভুক্তিকরণ সংক্রান্ত নীতিমালা, ২০২৬' প্রণয়ন করা হয়। এ নীতিমালার আলোকে গত ৮ সেপ্টেম্বর পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছিল। বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে মোট ২৩টি আবেদন জমা পড়ে। আবেদনগুলো যাচাই-বাছাই ও নীতিমালার শর্ত অনুযায়ী মূল্যায়ন শেষে ন্যূনতম যোগ্যতা অর্জনকারী ওই পাঁচটি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের জারি করা এডিআর-সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে বিবাদমান পক্ষগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট তালিকাভুক্ত মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের পারস্পরিক লিখিত সম্মতির ভিত্তিতে মধ্যস্থতা কার্যক্রম পরিচালিত হবে। এ ক্ষেত্রে ঋণগ্রহীতা, ঋণদাতা ও মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করতে হবে।
চুক্তির শর্ত অনুযায়ী, খেলাপি ঋণের বিপরীতে মামলা দায়েরের আগে এবং অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর আওতায় দায়ের করা মামলাগুলোতেও মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সুযোগ থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের আশা, এ উদ্যোগের ফলে খেলাপি ঋণ আদায়ে দীর্ঘসূত্রতা কমবে এবং ঋণ আদায় কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি মধ্যস্থতা কার্যক্রমের পরিধি বাড়ানো এবং তালিকায় আরও বেশি যোগ্য প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করতে শিগগিরই দ্বিতীয় পর্যায়ে তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

