নতুন চুক্তি বা বর্তমান চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যে ঢাকায় এ সভা করল দুই দেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গার পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন।
নতুন চুক্তি বা বর্তমান চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তার মধ্যে রোববার ঢাকায় নিয়মিত এ সভা করে দুই দেশ।
ত্রিশ বছর ধরে চলমান চুক্তির বাস্তবায়ন নিয়ে এটি শেষ সভা হওয়ার কথা বলেছেন যৌথ নদী কমিশনের কর্মকর্তারা।
কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর সই হওয়া চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের লক্ষ্যে দুই দেশের যৌথ নদী কমিশনের সদস্যের নেতৃত্বে একটি যৌথ কমিটি গঠিত হয়।
“এ বছর যৌথ কমিটির প্রথম (৮৯তম) বৈঠক ৮ এপ্রিল ঢাকায় এবং দ্বিতীয় (৯০তম) বৈঠক ২২ মে কলকাতায় অনুষ্ঠিত হয়।”
এরই ধারাবাহিকতায় ঢাকায় তৃতীয় বৈঠক হওয়ার তথ্য তুলে ধরে চুক্তির বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করার কথা বলেছে যৌথ নদী কমিশন।
যৌথ কমিটির বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির। আর ভারতীয় দলের নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য শরদ চন্দ্র।
যৌথ নদী কমিশন বলেছে, উক্ত যৌথ কমিটি ১৯৯৭ সাল থেকে গঙ্গা পানি বণ্টন চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে ফারাক্কা ও হার্ডিঞ্জ সেতু পয়েন্টে যৌথ পর্যবেক্ষণ দল মোতায়েন, উক্ত দলসমূহের কার্যক্রম পর্যবেক্ষণ এবং এ সংক্রান্ত বার্ষিক প্রতিবেদন প্রণয়নের কাজ করে আসছে।
এসব কাজ সম্পাদনের ক্ষেত্রে প্রতিবছর যৌথ কমিটির তিনটি বৈঠক নিয়মিতভাবে অনুষ্ঠিত হওয়ার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি বৈঠক ফারাক্কায় সাইট পরিদর্শন শেষে কলকাতায় অনুষ্ঠিত হয়। একই উদ্দেশ্যে আরেকটি বৈঠক হার্ডিঞ্জ সেতু এলাকায় গঙ্গা বা পদ্মা নদীতে সাইট পরিদর্শন শেষে ঢাকায় অনুষ্ঠিত হয়।
গঙ্গার পানি বণ্টনে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের সঙ্গে ৩০ বছরের চুক্তি করে। সমঝোতা অনুযায়ী ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ফারাক্কা থেকে দুই দেশের মধ্যে পানি বণ্টন করা হয়ে থাকে।
৪০ বছরের গড় মাত্রা অনুযায়ী ভারত পানির ভাগ পায়। যে কোনো সংকটের সময় বাংলাদেশকে ৩৫ হাজার কিউসেক পানি সরবরাহের নিশ্চয়তাও দেওয়া হয়। চলতি বছরের ডিসেম্বরের একই তারিখে এই চুক্তির মেয়াদ শেষ হবে।
ঢাকার তরফে তাগাদা দেওয়া হলেও নতুন চুক্তি করার আলোচনা শুরুর বিষয়ে ভারতের সাড়া মেলেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গত সপ্তাহে বলেছেন, আলোচনার প্রস্তুতি নিতে গত এপ্রিলে অর্থ উপদেষ্টা রাশেদ আল তিতুমীরের নেতৃত্বে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করে বাংলাদেশ।
“এরপর গত জুনে ঢাকা আনুষ্ঠানিকভাবে দিল্লিকে আলোচনার প্রস্তাব দেয়। অগাস্টে এ বিষয়ে একটি তাগিদপত্রও পাঠানো হয়। কিন্তু ভারতের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।”
অগ্নিসহিংসতার সেকাল-একাল, বন্ধ হবে কবে?
তৌফিক ভাই: এক জীবনে দ্বিতীয়বার বাবা হারানোর শূন্যতা

