ডিসেম্বরজুড়ে কর্মসূচি নিয়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে রাজপথে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বরজুড়ে কর্মসূচি নিয়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে রাজপথে থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিসেম্বর মাসজুড়ে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলকে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

তবে এসব কর্মসূচি কোনো দলের বা পক্ষের পাল্টা কর্মসূচি কিংবা সতর্ক পাহারার অংশ হবে না বলে স্পষ্ট করেছেন বিএনপির শীর্ষ নেতৃত্ব।

রোববার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে তারেক রহমানের সঙ্গে বিএনপি ও তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

বৈঠকে ডিসেম্বর মাসজুড়ে দল ও অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা হয়।

বৈঠক সূত্র জানায়, বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও ডিসেম্বরজুড়ে নিজেদের উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনগুলোকে সাংগঠনিকভাবে আরও সক্রিয় ও চাঙা রাখতে চায় দলের শীর্ষ নেতৃত্ব। এ ছাড়া বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও পৃথক কর্মসূচি দিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের নানা ধরনের তৎপরতার মধ্যে বিএনপি এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র জানায়, বৈঠকে তারেক রহমান দল ও অঙ্গসংগঠনগুলোকে নিজস্ব উদ্যোগে রাজনৈতিক কর্মসূচি প্রণয়নের নির্দেশ দেন। তবে এসব কর্মসূচি কোনো পক্ষের কর্মসূচির পাল্টা হিসেবে নেওয়া হবে না। একইভাবে অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিএনপির কর্মসূচি প্রতিহত করার চেষ্টা করত, সে ধরনের কোনো উদ্যোগও নেওয়া হবে না। বিজয়ের মাসকে কেন্দ্র করেই নিয়মিত রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের মাঠে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কর্মসূচির মধ্যে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজনের মতো বিভিন্ন রাজনৈতিক উদ্যোগ রয়েছে। বিএনপি ও তিন অঙ্গসংগঠন নিজেদের উদ্যোগে পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে।

বৈঠকে গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করেও উদ্বেগ প্রকাশ করেন কয়েকজন নেতা। জবাবে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখছে বলে জানান তারেক রহমান।

বৈঠক প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'বৈঠকটি বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।'

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ছাড়াও দলের পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা বৈঠকে অংশ নেন।

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

জাতীয়