ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৩

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন। শনিবার (২৪ অক্টোবর) হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাত সোয়া ৩টার দিকে উপজেলার হাসাড়া এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত বাস থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকর্মীরা জানান,চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা দর্শনা পরিবহনের বাসটি একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেন পার হয়ে পাশের গভীর খাদে পড়ে যায়। নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার মৃত আজিবর রহমানের ছেলে রোকুনুজ্জামান রঞ্জু (৫৭), একই উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার শ্রী মিলন কুমারের ছেলে শ্রী চঞ্চল বিশ্বাস (২৩) ও শিবনগর এলাকার মিজানুর রহমানের ছেলে সালাউদ্দিন আহমেদ সাকিব (৩২)। তাদের মধ্যে রঞ্জু দর্শনা পরিবহনের সুপারভাইজার, চঞ্চল হেলপার ও সাকিব বাসের যাত্রী ছিলেন। ছবি ; সংগৃহীত ফায়ার সার্ভিস জানিয়েছে, শ্রীনগর স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১১ জনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সে সময় পাঁচজনকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো.শাহরিয়ার জানান,আহত ১১ জনের মধ্যে চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

জাতীয়