ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকা ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত করা হয়েছে। এই সময়ের মধ্যে সমিতির দাবি মানা না হলে পরবর্তীতে আবার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. বাদল মাতবর।
তিনি আরও বলেন, 'বিকেলে হাসপাতাল প্রশাসন ও শাহবাগ থানার ওসির সঙ্গে আমাদের মিটিং হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে আমরা আমাদের দাবি মেনে নেওয়ার জন্য ৭ দিনের সময় বেঁধে দিয়েছি। এর মধ্যে দাবি বাস্তবায়ন না হলে পুনরায় কর্মসূচি ঘোষণা করা হবে।'
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেন বলেন, 'বিকালে শাহবাগ থানার অফিসার ইনচার্জসহ অ্যাম্বুলেন্স মালিকদের সঙ্গে মিটিং করা হয়েছে। সেখানে বিষয়টি সুরাহা করতে সাত দিনের সময় দেওয়া হয়েছে। এরমধ্যে বিষয়টি সুরাহা করতে বলা হয়েছে।'
এর আগে, হাসপাতালটির চত্ত্বরে স্থায়ী পার্কিং ব্যবস্থা চালু করার দাবিতে মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট করে আসছিল ঢাকা মেডিকেল বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি। বুধবার সন্ধ্যা পর্যন্ত চলে তাদের এই কর্মসূচি।
While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

