কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন।
মন্ত্রী বলেন, সীমান্তের ওপার থেকে বারবার অডিও-ভিডিও কলে পলাতক গণহত্যাকারী ফ্যাসিস্ট নেত্রী তার নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের লিস্ট করতে, তাদের ঘরবাড়ি ভেঙে দিতে। হুমকিও দিচ্ছেন, তিনি ফিরলে নাকি জুলাই যোদ্ধাদের চরম শিক্ষা দেবেন।
তিনি বলেন, নাৎসিরা যেমন জার্মানিতে আর ফিরতে পারেনি, রাজনীতি করতে পারেনি, তেমনি গণঅভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্য ও জনগণের সহযোগিতার ওপর গুরুত্ব দেন সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার নয়; এ ক্ষেত্রে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
তিনি আরও বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থায়ী উন্নয়নে জনগণের অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতা অপরিহার্য।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। গত বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে খুনের ঘটনা ছিল ২ হাজার ৯৩৮টি, চলতি বছরের একই সময়ে তা কমে ২ হাজার ৬৫১টিতে দাঁড়িয়েছে।
তিনি বলেন, অপরাধ ও সহিংসতা প্রতিরোধে রাষ্ট্রের সব পর্যায়ের মানুষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি সম্ভব হবে।

