পাঁচের হৃদয় শুধু ভবিষ্যৎ নয়, টেস্টে বাংলাদেশের বর্তমানও

টেস্ট ক্রিকেটে পাঁচ নম্বর ব্যাটসম্যানের বদলে যাওয়া যে ভূমিকা সাম্প্রতিক বছরগুলোয় দেখা গেছে বিশ্ব ক্রিকেটে, সেই দাবি পূরণের আভাস মিলেছে তাওহিদ হৃদয়ের ব্যাটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জোহানেসবার্গের দ্বিতীয় ইনিংসে যে দৃশ্য দেখা গিয়েছিল, সেটিরই পুনরাবৃত্তি সেঞ্চুরিয়নের দ্বিতীয় ইনিংসে। তাওহিদ হৃদয়কে আউট করে বুনো ও খ্যাপাটে উদযাপনে মেতে উঠলেন কাগিসো রাবাদা। বাংলাদেশের ব্যাটসম্যানদের দিকে কিছুটা তেড়ে গিয়ে তার মুখের ওপর হুঙ্কারও ছুড়তে চাইলেন দক্ষিণ আফ্রিকার পেসার। এই যে দুই মাঠে দুই ইনিংসে রাবাদার এমন উদযাপন, এই টেস্ট সিরিজে হৃদয়ের বড় এক প্রাপ্তি বলা যায় এটিকে।

৭৭ টেস্ট খেলা ক্রিকেটার, বিশ্বের সেরা বোলারদের একজন এবং সম্প্রতি যিনি সব কম ডেলিভারিতে ৩৫০ টেস্ট উইকেটের কীর্তি গড়েছেন, তিনি যখন নবীন এক টেস্ট ক্রিকেটারের উইকেট নিয়ে বাঁধনহারা উদযাপনে মেতে ওঠেন, ওই উইকেটের গুরুত্বও সেখানে ফুটে ওঠে, ওই ব্যাটসম্যানের বিশালত্বও সেখানে মিশে থাকে। সেটি স্রেফ কোনো একটি উইকেট শিকারে আনন্দ নয়, ওই ব্যাটসম্যানের প্রতি এক ধরনের সমীহ ও সম্মানও।

পারফরম্যান্স দিয়েই হৃদয় তা অর্জন করে নিয়েছেন। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে হৃদয়ের ব্যাট থেকে অসাধারণ সেঞ্চুরির ইনিংসটি না এলে নিশ্চিতভাবেই রাবাদা দ্বিতীয় ইনিংসে অমন উদযাপন করতেন না। সেঞ্চুরিয়নের দ্বিতীয় ইনিংসে হৃদয় অমন পাল্টা আক্রমণ না চালালে হয়তো রাবাদা এভাবে উদযাপন করতেন না।

এই সফরের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে হৃদয় গড়েছেন ইতিহাস। এই সফরেও বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তিনিই। পাঁচ টেস্টের ক্যারিয়ারে তার রান এখন ৫৯৮। গড় ৬৬.৪৪। ক্যারিয়ারের প্রথম পাঁচ টেস্টে এত রান করেননি বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান।

ক্যারিয়ারের শুরুটা কারও এমন দুর্দান্ত হলে তার ভবিষ্যতকে ঘিরেই মুলত আশার বুনন তো চলবেই। তবে বাংলাদেশের বাস্তবতায় হৃদয় স্রেফ ভবিষ্যতের ঝিলিক নয়, আনন্দময় বর্তমানের আলোর ছটাও। সেটি তার রান সংখ্যার কারণে বা ক্যারিয়ারের শুরুতে ধারাবাহিকতার কারণেই নয়, রান করার ধরনের কারণেও। হৃদয় যেভাবে খেলছেন, টেস্ট ক্রিকেটে এখন পাঁচ নম্বর ব্যাটসম্যানের উপযুক্ত ‘টেমপ্লেট’ মনে করা হয় এটিকেই।

বাংলাদেশের বাস্তবতায় যদিও চার-পাঁচ নম্বর ব্যাটসম্যানকে প্রায়ই ক্রিজে যেতে হয় প্রত্যাশার অনেক আগেই। তবে সাধারণ বাস্তবতায় পাঁচ নম্বর ব্যাটসম্যান যে সময়টায় ক্রিজে যান, ততক্ষণে বল হয়ে যায় পুরোনো, প্রতিপক্ষের বোলাররা থাকেন কিছুটা ক্লান্ত। সামগ্রিকভাবে প্রতিপক্ষ তখন কিছুটা রক্ষণাত্মক মানসিকতায় থাকে। ওই সময়টায় পাল্টা আক্রমণ করে দ্রুত রান বাড়িয়ে নেওয়া, স্পিনারদের চেপে বসতে না দেওয়া, কিছু বুঝে ওঠার আগেই খেলাটাকে অনেকটা এগিয়ে নেওয়া, ম্যাচের চিত্র দ্রুত পাল্টে দেওয়া। হ্যারি ব্রুক, রিশাভ পান্ত, ওপেনিংয়ে ওঠার আগে ট্রাভিস হেড, এই কাজটিই করতেন পাঁচ নম্বরে। বাংলাদেশের হয়ে সেই একই জোয়ার বইয়ে দেওয়ার আশার স্রোত এখন হৃদয়ের ব্যাটে।

গত এক বছরে পাঁচ নম্বরে ব্রুকের স্ট্রাইক রেট ৮২.১৬, পান্তের ৭৭.১৭, হেডের ৬৬, রাচিন রাভিন্দ্রার ৯২.১০। গত দুই বছরের পারফরম্যান্স বিবেচনায় নিলে ব্রুকের স্ট্রাইক রেট ৮৪.১০, পান্তের ৭৩.৫৭, হেডের ৭৮.৭৩, রাভিন্দ্রার ৮১.১৭। গত তিন বছরে এই স্ট্রাইক রেট ছিল ব্রুকের ৮৩.৪৬, পান্তের ৭৪.৭৫, হেডের ৭৬.৩৮ ও রাভিন্দ্রার ৭৮.৪৭।

অথচ এই গোটা সময়ে বাংলাদেশের পাঁচ নম্বরের মূল ব্যাটসম্যান মুশফিকুর রহিমের স্ট্রাইক রেট ৫০ ছাড়ায়নি। গত তিন বছরে টেস্টে তার গড় ৪৫.১২। কিন্তু স্ট্রাইক রেট ৫০.৩৫।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে হৃদয়ের স্ট্রাইক রেট ছিল ৬৭.৬৯। এখনও সেই স্ট্রাইক রেট ব্রুক-হেড-রাভিন্দ্রার পর্যায়ে যায়নি। তবে তেমন কিছুর ছাপ অন্তত আছে। সেটা পরিসংখ্যানে যেমন, তেমনি ব্যাটিংয়ের ধরনেও।

সেঞ্চুরিয়নের দ্বিতীয় ইনিংসের কথাই ধরুন। হৃদয় যখন ক্রিজে যান, দল তখন যথারীতি বিপদে। তিনি নামার একটু পরই ভিয়ান মুল্ডারকে বাউন্ডারি মেরে শুরু করলেন। মার্কো ইয়ানসেনের ওভারে চার মারলেন তিনটি। লাঞ্চের পর প্রথম বলেই আনরিখ নরকিয়ার বলে আদায় করলেন বাউন্ডারি। ওই ওভারেই চোখধাঁধানো আপার কাটে মারলেন ছক্কা!

মনে হচ্ছিল যেন, তিনি অন্য কোনো উইকেটে ব্যাট করছেন, অন্য কোনো দলের হয়ে ব্যাট করছেন, অন্য কোনো দলের বিপক্ষে ব্যাট করছেন।

শেষ পর্যন্ত ইনিংসটি বড় হয়নি। আউট হয়ে গেছেন তিনি ৩৩ বলে ৪১ রান করে। তবে টেস্ট ক্রিকেটে পাঁচ নম্বর ব্যাটসম্যানের বদলে যাওয়া যে ধারা, সেটির প্রকাশ দেখা গেছে তার ব্যাটে।

যদিও তার ক্যারিয়ারের মাত্রই শুরু এবং অনেক চ্যালেঞ্জ সামনে আসবে। প্রতিপক্ষ তার ব্যাটিং বিশ্লেষণ করে তার জন্য জাল বিছিয়ে রাখবে তো বটেই। তিনিও এখনও পর্যন্ত নিজের বড় একটি বাধা। আগ্রাসন ও আত্মঘাতী, দুটির মধ্যে যে সূক্ষ্ম ব্যবধান, সেটি পুরোপুরি বুঝতে ও রপ্ত করতে তার কতটা সময় লাগবে, সেটি একটি প্রশ্ন। এই সেঞ্চুরিয়ন টেস্টই সেটির বড় প্রমাণ।

দ্বিতীয় ইনিংসে বড় কিছু করতে না পারলেও তার ব্যাটিংয়ের ধরন যেমন ছিল প্রশংসিত, প্রথম ইনিংসে তেমনি আউট হওয়ার আগে তার অতি ছটফটে আচরণ ও আউট হওয়ার ধরন ছিল চরম সমালোচিত। চা বিরতির আগের ওভারে ঝুঁকি নিয়ে একটি ছক্কা মারার পরও বারবার এই একই পথে পা বাড়ানো এবং শেষ পর্যন্ত চা বিরতির আগের বলে উইকেট ছুড়ে দেওয়া, সেটি আদতে ইতিবাচক ব্যাটিং তো নয়ই,

বরং যাবতীয় ক্রিকেটীয় সমীকরণেই ব্যাখ্যাতীত ব্যাপার।

আগের সিরিজেও এরকম কিছুই দেখা গেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে দুই ইনিংসেই তিনি আউট হন পারিপার্শ্বিকতাকে পাত্তা না দিয়ে দৃষ্টিকটূ শটে। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় বলেই যে শট তিনি খেলেন, সেটিকেও আসলে ক্রিকেটীয় যুক্তিতে ধরা কঠিন। সেই তিনিই পরের টেস্টে অপরাজিত ২৪২ ও ৮২ রানের ইনিংস খেলে রেকর্ড বইয়ে ঝড় তুলে ইতিহাস গড়েন।

এই দুটির ধরনের মাঝে ভারসাম্য বের করাই আপাতত হৃদয়ের মূল চ্যালেঞ্জ। তিনি বোলাদের ওপর চড়াও হবেন, ক্রিকেটীয় ঝুঁকি নেবেন, চার-ছক্কার দাপটে প্রতিপক্ষকে কাবু করতে চাইবেন, সবই ঠিক আছে। তবে সেই চেষ্টায় নিজে থেকেই মৃত্যু মঞ্চে এগিয়ে গেলে তো তার ঘরানাটা নিয়েই প্রশ্ন উঠবে! হ্যাঁ, তার পরও কখনও কখনও তার শট বা আউটের ধরন চোখে লাগবে। তবে সেটি যেন নিয়মিত ব্যাপারে পরিণত না হয়, সেই দায়ও হৃদয়েরই।

সদ্যই টেস্ট ক্রিকেটে পা রাখা একজন ক্রিকেটারের কাছে হয়তো এত কিছু চাওয়া একটু বেশিই হয়ে যাচ্ছে। তারও তো শেখার অনেক কিছুই আছে! তবে বাংলাদেশের বাস্তবতাই এমন যে, এরকম কাউকে পেলে অনেক রোমাঞ্চ যেমন ছড়িয়ে পড়ে, তেমনি প্রত্যাশা ও দাবিও বেড়ে যায় দ্রুত। হৃদয় যেহেতু এই সময়ের বৈশ্বিক মানদণ্ডেও পাঁচ নম্বরের চাহিদা মেটানোর আশার ছবি মেলে ধরছেন, তাকে নিয়ে উচ্ছ্বাসটাও তাই চাপা থাকছে না।

তার ওপর সেই ভরসা রাখা, তাকে সাহস জোগানো, তার পাশে থাকার দায়িত্ব এখন টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বাংলাদেশ ক্রিকেটের। সেটি ভবিষ্যতের জন্য তো বটেই, বর্তমানের জন্যও।

হোজার সমাজতন্ত্র থেকে ফ্লেমিঙ্গো বিপ্লব: যুগসন্ধিক্ষণে আলবেনিয়ার তরুণরা

রোহিঙ্গা গণহত্যার রায় তো হলো, একাত্তরের বিচারের কী হবে?

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা হোক বাস্তবতাভিত্তিক

জাতীয়