পাকিস্তানের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

দ্বিতীয়ার্ধের শেষ দিকে নিজেদের ভুলে হজম করা গোলের চড়া মাশুল দিল টমাস ডুলির দল।

সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে হারল বাংলাদেশ। ছবি: বাফুফে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শুরু থেকে দুই দলই মেলে ধরল গতিময় ফুটবলের পসরা। আক্রমণ, পাল্টা আক্রমণে জমে উঠল ম্যাচ। সুযোগ এলো, নষ্টও হলো। প্রথমার্ধে পোস্ট পথ আগলে দাঁড়াল দুই দলেরই। দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ছোট্ট ভুলের সুযোগ কাজে লাগাল পাকিস্তান। বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল তারা।

পল্টনের জাতীয় স্টেডিয়ামে শনিবার বাংলাদেশকে ১-০ গোলে হারিয়েছে পাকিস্তান। আগামী মঙ্গলবার তারা শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের। ভারতের বিপক্ষে ৩-২ গোলে হেরেই এবারের আসর শুরু করেছিল তারা।

উত্তাপ ছড়ানো ম্যাচের যোগ করা সময়ে সম্ভাব্য হারের হতাশায় ফুঁসে ওঠে সমর্থকেরা। গ্যালারি থেকে বিভিন্ন রঙের আতশবাজি তারা ছুঁড়ে মারতে থাকে মাঠের দিকে। কয়েকটা এসে পড়ে মাঠের মধ্যে। ধোঁয়াশাচ্ছন্ন হয়ে ওঠে মাঠ। তাতে খেলা বন্ধ থাকে মিনিট তিনেক।

এরপর শুরু হলেও বলের নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে বিশ্বনাথের সাথে বেঁধে যায় পাকিস্তানের খেলোয়াড়দের। এই ঘটনা শান্ত হওয়ার পর জিদানের সাথে কর্নারের কাছাকাছি ধাক্কাধাক্কি হয় গোলদাতা আব্দুল সামাদ শেহজাদের। অবশ্য রেফারি দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

ফের খেলা শুরু হতে না হতেই বাজে শেষের বাঁশি। প্রথমবারের মতো সাফের ফাইনালে ওঠার উচ্ছ্বাসে মাঠেই বাঁধনহারা উৎসবে মাতেন পাকিস্তানের খেলোয়াড়েরা। ২০০৫ সালের পর প্রথম ফাইনালে খেলার লক্ষ্য, ২০০৩ সালের পর দ্বিতীয় শিরোপার স্বপ্ন গুঁড়িয়ে যায় বাংলাদেশের।

দুটি পরিবর্তন এনে পাকিস্তান ম্যাচের একাদশ সাজান বাংলাদেশ কোচ। চোট পেয়ে মাঠের বাইরে যাওয়া সাদ উদ্দিনের জায়গায় রহমত মিয়া ও মোহাম্মদ ইব্রাহিমের জায়গায় শুকি ইতোফুসাকে সুযোগ দেন তিনি।

গ্রুপ পর্ব শেষে দলের সাথে যোগ হওয়া পাঁচ প্রবাসীকে রেখেই একাদশ দেন পাকিস্তান কোচ নেলবের্তো সোলানো। সুইডেন প্রবাসী ডিফেন্ডার আব্দুল্লাহ ইকবাল ও ফরোয়ার্ড আলি আকবর খান, ইংল্যান্ড প্রবাসী ডিফেন্ডার এশাহ সুলাইমান, মিডফিল্ডার আদিল নবি এবং ডেনমার্ক প্রবাসী উইঙ্গার আব্দুল সামাদ শেহজাদকে একাদশে রাখেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে সেমি-ফাইনালে সমর্থকদের পাশে চেয়েছিলেন বাংলাদেশ কোচ ডুলি। তার চাওয়া পূরণ করে গ্যালারি ভরে ওঠে। তাদের উল্লাসে, শ্লোগানে মুখরিত হয় চারদিক।

দ্বিতীয় মিনিটেই আক্রমণ শাণায় পাকিস্তান। বক্সের বাইরে থেকে বল পায়ে কিছুটা এগিয়ে জোরাল শট নেন আলি উজাইর মাহমুদ। দারুণ ক্ষিপ্রতায় ফিস্ট করে ফেরান শ্রাবণ।

পাঁচ মিনিট পর বক্সের একটু ওপর থেকে কাজেম শাহ কিরমানির নিচু শটে গতি ছিল না বেশি, পাকিস্তান গোলকিপার ইউসুফ ইজাজ বাট সহজেই আটকান।

ষোড়শ মিনিটে রাকিবের বাম পায়ের শট এক ডিফেন্ডারের পায়ে লেগে কর্নার হয়ে যায়। এই আক্রমণের শুরুতে মহিবুল্লাহর চার্জে পড়ে যান ইতোফুসা। তবে, রেফারি ফাউল দেননি।

২৩তম মিনিটে ফারহানের কর্নারের পর বক্সের শমিত হেড করার পর শট নেন রাকিব। ঝাঁপিয়ে পড়া বাটের গ্লাভস ছুঁয়ে বল পোস্টের বাইরের দিকে লাগার পর, জুনাইদ আহমেদ ক্লিয়ার করেন।

২৯তম মিনিটে দেওয়া প্রথম কুলিং ব্রেকের পরই বেঁচে যায় বাংলাদেশ। বক্সের জটলার ভেতরে কাজী তারিক রায়হান পাহারায় রাখতে পারেননি আব্দুল সামাদ শাহজাদকে। এই উইঙ্গারের শট পোস্টে লেগে ফিরে আসার পর দ্রুত কর্নারের বিনিময়ে ক্লিয়ার করেন জিদান আলেক্সান্ডার ইউসুফ।

প্রথমার্ধের শেষ দিকে ইতোফুসার দূরপাল্লার শট ক্রসবারের ওপর দিয়ে বেরিয়ে যায়।

দ্বিতীয়ার্ধে পাকিস্তানের রক্ষণে চাপ দিতে থাকে বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে বারবার আক্রমণে উঠতে থাকেন ইতোফুসা, কিন্তু জমাট রক্ষণে পোস্ট আগলে রাখে পাকিস্তান। ৬২তম মিনিটে ইতোফুসাকে তুলে ইব্রাহিমকে নামান ডুলি।

একটু পর বক্সের বাইরে থেকে আদিলের ফ্রি কিক ঝাঁপিয়ে কর্নার করে দেন শ্রাবণ। ৭৬তম মিনিটে রহমতকে তুলে বিশ্বনাথ ঘোষকে নামান বাংলাদেশ কোচ। একটু পর পাকিস্তানের হারিস আলির শট যায় ক্রসবারের উপর দিয়ে।

৮২তম মিনিটে সামাদের জোরাল শট ডান দিকে ঝাঁপিয়ে রুখে দেন শ্রাবণ। তিন মিনিট পর এশাহর কাছের পোস্টে নেওয়া শট আটকান শ্রাবণ।

এরপরই ভুলটা করেন শ্রাবণ। লম্বা থ্রোয়ে তিনি বল তুলে দেন পাকিস্তানের এক খেলোয়াড়ের পায়ে। সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে জিদান ও জায়ানের ফাঁক দিয়ে নিখুঁত শটে জাল খুঁজে নেন সামাদ। শ্রাবণ ঝাঁপিয়ে পড়লেও পাননি বলের নাগাল।

ম্যাচ শেষের পরপর পশ্চিম দিকের গ্যালারিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। ব্যানারে আগুন দিলেও তা দ্রুতই নিভিয়ে ফেলা হয়।

এই জয়ে সাফের আঙিনায় ২০১৮ সালে সবশেষ ১-০ গোলের হারের মধুর প্রতিশোধও নিল পাকিস্তান। এই আসরে দুই দলের পরিসংখ্যানেও এলো সমতা। আট ম্যাচে তিনটি করে জয় দুই দলের, বাকি দুই ম্যাচ ড্র।

ভোক্তা-অধিকার আইনের খসড়া: নিরাপত্তার প্রশ্নে চারটি বড় ফাঁক

ডায়াবেটিসের অদৃশ্য বিপদ: জানি না, জানলেও মানি না

ট্রাম্প-নেতানিয়াহু অক্ষে ধাক্কা: মার্কিন রাজনীতি কি ইসরায়েলকে বদলাবে?

গ্রাম থেকে ভেসে আসে কৃষকের দীর্ঘশ্বাস

জাতীয়