ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বিশ্বকে পারমাণবিক বিপর্যয়ের নজিরবিহীন ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। অতীতের যেকোনো সময়ের তুলনায় বিশ্ব এখন পারমাণবিক সংঘাতের সবচেয়ে বেশি কাছাকাছি বলে সতর্ক করেছেন মার্কিন ইতিহাসবিদ ও আমেরিকান ইউনিভার্সিটির নিউক্লিয়ার স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক পিটার কুজনিক। এই বিপর্যয় ঠেকাতে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
তার আশঙ্কা, ইরানের কথিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে প্রচলিত অস্ত্রের সক্ষমতা সীমিত। এ পরিস্থিতিতে ওয়াশিংটন বা তেল আবিব পারমাণবিক অস্ত্র ব্যবহারের মতো ভয়াবহ সিদ্ধান্ত নিতে পারে।
সম্প্রতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। পশ্চিম এশিয়ায় পাঠানো হয়েছে মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’। এর ফলে ওই অঞ্চলে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপদেষ্টাদের বলেছেন, ইরান ও ইয়েমেনের আনসারুল্লাহ যদি নতুন কোনো উসকানিতে না জড়ায়, তবে তিনি হামলা থেকে বিরত থাকতে পারেন। তবে তার সিদ্ধান্ত যে বারবার পরিবর্তন হয় সে নজিরও রয়েছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পরবর্তী হামলার জন্য অপেক্ষা না করেই পাল্টা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই গভীর উদ্বেগের কথা জানান অধ্যাপক কুজনিক।
কুজনিক বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ব্যবহারের সামান্যতম শঙ্কাও বিশ্ববাসীর জন্য এক অগ্রহণযোগ্য ঝুঁকি। ইসরায়েলি গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি উল্লেখ করেন, ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতের ৩০০ ফুট গভীর গ্রানাইট পাথরের নিচে কথিত পারমাণবিক কার্যক্রম চলছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো অস্ত্রই এত গভীরে আঘাত হানতে সক্ষম নয়। আর এই সীমাবদ্ধতাই নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসনকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে প্ররোচিত করতে পারে।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিও এই সংকটকে আরও উসকে দিচ্ছে বলে মনে করেন এই বিশ্লেষক। তার মতে, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবি হয়েছে, জনপ্রিয়তাও কমেছে উল্লেখযোগ্যহারে। যার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম ক্ষুব্ধ ও বেপরোয়া হয়ে উঠতে পারেন। ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের যুদ্ধবাজ মানসিকতা এবং ইসরায়েলের ক্রমাগত উসকানি পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
পাশাপাশি, মার্কিন-ইসরায়েলি হামলার পর ইরানের ভেতরেও আত্মরক্ষার্থে পারমাণবিক অস্ত্র তৈরির জনমত জোরালো হচ্ছে। যা সংঘাতের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এই ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জরুরি কূটনৈতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পিটার কুজনিক। তিনি বলেন, এ অবস্থায় পোপ চতুর্দশ লিওর যুদ্ধবিরোধী অবস্থান ও নৈতিক কর্তৃত্ব কাজে লাগানো প্রয়োজন। দেরি না করে ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংকে নিয়ে একটি জরুরি শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই অনুরোধ জানিয়ে তিনি পোপকে একটি খোলা চিঠিও লিখেছেন। বিশ্বের প্রায় ২৫০ জন প্রভাবশালী ব্যক্তি ইতোমধ্যে এই উদ্যোগে সমর্থন দিয়েছেন।
যুদ্ধ পরিহার করে কূটনীতির পথে ফেরার তাগিদ দিয়ে কুজনিক বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হলে পৃথিবীর সমস্ত প্রাণের অস্তিত্ব বিলীন হওয়ার ঝুঁকিতে পড়বে। সেজন্য ইউক্রেন ও পশ্চিম এশিয়ার যুদ্ধও বন্ধ করতে হবে। আগামী ১২ বছরের মধ্যে বিশ্বকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে পরাশক্তিগুলোর ওপর চাপ সৃষ্টি করতে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।


