প্যাকিং ও র্যাপিং মেশিন ঘোষণা দিয়ে আনা একটি চালানে সিগারেট তৈরি থেকে প্যাকেটজাত করা পর্যন্ত পুরো একটি উৎপাদন লাইন পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। চট্টগ্রাম বন্দরে আটক চালানটিতে মোট সাতটি মেশিন রয়েছে। আমদানিকারক এর মূল্য দেখিয়েছিলেন মাত্র ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার, অথচ সিআইআইডির প্রাথমিক হিসাবে এর দাম প্রায় ৪ লাখ ৪৩ হাজার ডলার।বুধবার চালানটি জব্দ করা হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইআইডি এ তথ্য জানিয়েছে।ঘোষণায় ছয় প্যাকেজ, ভেতরে সাত মেশিনচালানটির আমদানিকারক ঢাকার মিরপুরের বাণিজ্যিক প্রতিষ্ঠান জেআর বিজনেস ওয়ার্ল্ড (বিআইএন ০০৯০৩৫৩৪৪-০৪০১)। পণ্যগুলো পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সিআইআইডির তথ্যপত্র অনুযায়ী, এই রপ্তানিকারকের মূল ব্যবসা তামাক উৎপাদন এবং তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহ।গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে সি-১৩২১৮৭৮ নম্বর বিল অব এন্ট্রি দাখিল করা হয়। তাতে পণ্যের বিবরণ লেখা হয় ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’, আর ব্যবহার করা হয় প্যাকিং ও র্যাপিং মেশিনের এইচএস কোড ৮৪২২৪০০০। ঘোষণায় চালানটি দেখানো হয় ছয়টি প্যাকেজে। মোট ওজন ৫ হাজার ৫০০ কেজি, নিট ওজন ৫ হাজার ২২৬ কেজি। পণ্য খালাসের দায়িত্বে ছিল সিঅ্যান্ডএফ এজেন্ট এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড (এআইএন ৩০১৭৬০৬২১)।শুরুতে চালানে ছয়টি মেশিন থাকার কথা জানা গেলেও বিস্তারিত পরীক্ষায় সাতটি মেশিন শনাক্ত হয়। এগুলো হলো এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর্যাপার (সেলোফেন ওভারর্যাপার)। অর্থাৎ প্যাকিং সরঞ্জামের পাশাপাশি চালানে সিগারেট তৈরির মূল মেশিনটিও রয়েছে।মূল্যে বিস্তর ফারাকওয়েবসাইটের তথ্যের ভিত্তিতে সিআইআইডি চালানটির আনুমানিক মূল্য ধরেছে ৪ লাখ ৪৩ হাজার ডলার, যা ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ। তবে অধিদপ্তর বলছে, এই হিসাব প্রাথমিক ও তুলনামূলক। মেশিনের মডেল, বয়স, অবস্থা এবং তুলনাযোগ্য আমদানিমূল্য যাচাইয়ের পর চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য ও প্রযোজ্য শুল্ক-কর নির্ধারণ করা হবে।নকল সিগারেটের ঝুঁকিসিআইআইডির মতে, সিগারেট তৈরির মেশিন আমদানি হওয়ার কথা দেশের প্রায় ২৯টি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান কিংবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমে। এই কাঠামোর বাইরে যন্ত্রপাতি এলে সুপরিচিত ব্র্যান্ড ও শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর সিগারেট নকল করে বাজারে ছাড়ার ঝুঁকি তৈরি হয়। এতে ভোক্তারা প্রতারিত হন, বৈধ উৎপাদনকারীরা ব্যবসায়িক ক্ষতিতে পড়েন এবং সরকার রাজস্ব হারায়।তাই এ চালানের আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও চূড়ান্ত ব্যবহারকারী কারা এবং কোনো সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সম্পর্ক আছে কি না, তা যাচাই করা দরকার বলে মনে করছে অধিদপ্তর।তদন্ত চলছেসিআইআইডি জানিয়েছে, প্যাকিং মেশিনের ঘোষণায় সিগারেট উৎপাদন লাইন আনার এ ঘটনায় মিথ্যা ঘোষণা প্রতিষ্ঠিত হয়েছে। আমদানির সঠিকতা, পণ্যের শ্রেণিবিন্যাস, প্রকৃত মূল্য, প্রযোজ্য শুল্ক-কর এবং যন্ত্রপাতির চূড়ান্ত ব্যবহার নিয়ে বিস্তারিত তদন্ত শেষে ফলাফল জানানো হবে। সিগারেট খাতে সঠিক রাজস্ব আদায় এবং নকল সিগারেট উৎপাদন ও বাজারজাতকরণ ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

