প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের সময় কয়েক এমপিকে সতর্ক করলেন ডিপুটি স্পিকার

সামনের তৃতীয় সারিতে বসা দুই-তিনজন সদস্যের কথা সভাপতির আসন পর্যন্ত শোনা যাচ্ছিল, বলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চলার সময় কথা বলায় কয়েকজন সংসদ সদস্যকে সতর্ক করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। এক সদস্যকে নিজের আসনে বসার অনুরোধও করেন তিনি।

বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের একপর্যায়ে সামনে দিকে তৃতীয় সারিতে বসা সদস্যদের উদ্দেশে তিনি বলেন, “আমার ফ্রন্টের থার্ড রো-তে যারা আসছেন, দুই-তিনজন বসছেন, আপনাদের গলার আওয়াজ এই পর্যন্ত (সভাপতির আসন) আসছে।

“প্লিজ বি রেসপেক্টফুল টু আদার্স অ্যান্ড ইউরসেলফ অ্যাজ ওয়েল। অসংখ্য ধন্যবাদ।”

বুধবারের অধিবেশনে সভাপতিত্ব করেন কায়সার কামাল। রংপুরে বাইপাস সড়ক নির্মাণ নিয়ে রংপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলালের সম্পূরক প্রশ্নের জবাব দেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশে কর্মী পাঠানোর খরচ নিয়ে আগের একটি প্রশ্নে ফেরেন।

প্রধানমন্ত্রীর ওই বক্তব্য শেষ হলে কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান দাঁড়িয়ে কথা বলার সুযোগ চান। বিদেশে কর্মসংস্থান নিয়ে সম্পূরক প্রশ্ন করতে চান বলে তাকে বলতে শোনা যায়। সম্পূরক প্রশ্ন করতে চাইলে সংসদ সদস্যরা সাধারণত হাত তুলে সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় ডেপুটি স্পিকার বলেন, “মাননীয় সদস্য, মে আই জাস্ট হাম্বলি রিকোয়েস্ট ইউ এগেইন প্লিজ টেক ইউর সিট।”

এরপর ব্রিটিশ পার্লামেন্টের উদাহরণ টেনে কায়সার কামাল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের গুরুত্ব তুলে ধরে সামনের তৃতীয় সারিতে বসা সদস্যদের উদ্দেশে কথা বলেন ডেপুটি স্পিকার।

হীরকজয়ন্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়—নতুন প্রজন্ম, বালাই ষাট

কপ-৩১: জলবায়ু কূটনীতি ও বাংলাদেশের প্রান্তিক জনপদ

এনইআইআর কার্যকরের আগে জরুরি স্মার্টফোনের শুল্ক সংস্কার

রাশিয়া-ইউক্রেইন যুদ্ধ: আবুধাবিতে শান্তির দরজা কি খুলল?

জাতীয়