শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু না করার বিষয়ে সরকারের অবস্থান জানিয়ে ওই ল ফার্মকে চিঠির জবাব দেওয়ার সম্ভাবনার কথাও বলেছেন প্রতিমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
চব্বিশের মানবতাবিরোধী অপরাধে ফাঁসির রায় মাথায় নিয়ে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আইনজীবীর মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাই কমিশনে যে চিঠি দিয়েছেন, তাকে ‘হাস্যকর’ বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ চায়, ভারত শেখ হাসিনাকে ফেরত দিক, এখানে পাসপোর্টের প্রসঙ্গ আসে না।
“বাংলাদেশ সন্ত্রাসীদের পাসপোর্টস দেয় না, বাংলাদেশ তাদের প্রত্যর্পণ করতে বলে।”
গত বছরের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়। ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযেগে তাকে এ দণ্ড দেওয়া হয়। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন জানিয়েছিলেন শেখ হাসিনা। তিনি রয়টার্সকে বলেছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।
এ নিয়ে আলোচনার মধ্যে সোমবার সকালে এক প্রতিবেদনে রয়টার্স খবর দেয়, শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্স দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানকে চিঠি দিয়ে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছে।
রয়টার্স লিখেছে, দুই বছরের বেশি সময় আগে প্রাণঘাতী গণঅভ্যুত্থানে দীর্ঘদিনের ক্ষমতার অবসান হওয়ার পর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নে হাসিনার এটাই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ।
২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছেড়ে যাওয়ার পর এই প্রথম শেখ হাসিনার এ ধরনের আনুষ্ঠানিক কোনো যোগাযোগের খবর জানা গেল।
ওই চিঠির একটি অনুলিপি হাতে পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সেখানে বলা হয়েছে, “অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক তার (শেখ হাসিনা) বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলের খবর বিবেচনায় নিয়ে, আমি বিনীতভাবে অনুরোধ করছি যে আপনি আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
“আমাদের এই অনুরোধটি তার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে করা হয়েছে, যা বাংলাদেশের আইন এবং আন্তর্জাতিক মানবাধিকার চুক্তি থেকে উদ্ভূত যে কোনো প্রযোজ্য বাধ্যবাধকতার সাথে সঙ্গতিপূর্ণ।”
এদিকে শেখ হাসিনার দণ্ড কার্যকর করতে তাকে ফেরত পাঠানোর জন্য দিল্লির প্রতি অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। তবে ভারত সরকারের তরফে এ বিষয়ে কোনো সাড়া মেলেনি।
আনুষ্ঠানিক ভাষ্যে দিল্লি বলে আসছে, হাসিনাকে প্রত্যর্পণের আবেদনটি তারা পর্যালোচনা করে দেখছে। তবে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, প্রত্যর্পণের সিদ্ধান্ত রাজনৈতিক বা কূটনৈতিকভাবে নেবে না দিল্লি। আদালতের প্রক্রিয়ায় বাংলাদেশের করা অভিযোগগুলো ভারতের আইনেও অপরাধ হিসেবে বিবেচিত কি না, তা যাচাই করা হবে।
এদিকে, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের মুখপাত্র সাইদুর রহমান বলেছেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। ম্যাট্রিক্স চেম্বার্স নামক একটি প্রতিষ্ঠান থেকে আমরা একটি ইমেইল পেয়েছি।
“সেই ইমেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ এসেছে। আদৌও অনুরোধটি সঠিক কিনা-সেটি আমরা জানি না। এটি যে শেখ হাসিনার পক্ষে অনুরোধ, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ই-মেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। তবে আমরা ইমেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।”
এ ব্ষিয়ে ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, যে ব্রিটিশ ল ফার্ম ওই চিঠি পাঠিয়েছে, তাদের উচিত শেখ হাসিনার মত মক্কেলের পক্ষে দাঁড়ানোর আগে তার কর্মকাণ্ড সম্পর্কে জেনে নেওয়া।
“আমি আইনি ফার্মটিকে তাদের মক্কেল সম্পর্কে আগে জানতে বলব। তাদের মক্কেল একজন পালিয়ে যাওয়া সন্ত্রাসী, যিনি বাংলাদেশ থেকে পালিয়েছেন, বছরের বছর হাজার হাজার মানুষকে হত্যা করেছে, অপহরণ করেছেন, বিচার বহির্ভূত হত্যা। তারপরেতো পালিয়ে যাওয়ার আগে দেড় হাজার, তারও বেশি মানুষকে হত্যা করেছে।
“সুতরাং আপনার মক্কেলকে জানুন, তার দুর্গন্ধযুক্ত, বাংলাদেশের মানুষ থেকে লুট করা টাকার পেছনে ছুটবেন না। কিছু নীতিগত সীমা মেনে চলুন। আপনার যদি সেসব সীমা না থাকে, তাহলে বিশ্বব্যাপী লজ্জিত হবেন।”
হুমায়ুন কবির বলেন, “এগুলো কিছু আনএথিক্যাল রিপ্রেজেন্টেশন, না বুঝে না শুনে বা বুঝেশুনেই করে মাঝেমধ্যে। এটা দুর্নীতিবাজ, পলাতক অপরাধী থেকে কিছু টাকা আয়ের ধান্ধা, যে কোথাও পালিয়ে আছে, সম্ভবত দিল্লিতে।
“সুতরাং এটাকে কেবল সহজে টাকা আয়ের প্রক্রিয়া হিসাবে না দেখে, কিছু নৈতিক বিবেচনার চর্চা করুন। আপনি কি বাংলাদেশের মুখোমুখি হয়ে বলতে পারবেন, এই মহিলা নিরপরাধ?”
ওই ব্রিটিশ আইনি ফার্মকে নিজ দেশের একটি আইনের কথাও স্মরণ করিয়ে দেন দীর্ঘদিন লন্ডনে থাকা হুমায়ুন কবির।
ওই আইনের একটা ধারা পড়ে শুনিয়ে তিনি বলেন, “ডেপ্রাইভেশন অব সিটিজেনশিপ অর্ডার্স অ্যাক্ট ২০২৫ নামে একটা আইন আছে। এবং আপনি কি জানেন, এই আইনটা কেন প্রণয়ন করা হয়েছে?
“আইনটাকে শক্তিশালী করার জন্য নতুন আইন প্রণয়ন করা হয়েছে। যুক্তরাজ্য সরকার ইমিগ্রেশনে মুক্তি দেবে না বা যুক্তরাজ্যে ফেরার অনুমোদন করবে না, যদি যুক্তরাজ্য মনে করে যে, তারা দেশের নিরাপত্তা এবং জননিরাপত্তার জন্য কোনো হুমকি হিসাবে বিবেচিত হন।”
এরপর ওই আইনি ফার্মের উদ্দেশে বলেন, “যে দেশে আছ, ওই দেশের আইন হাসিনার মতন লোকদের জন্য কীভাবে করেছে, এটা একটু শিখুক। হাস্যকর!
“তো হাসিনা কি এ ক্যাটাগরিতে পড়ে না, আমাদের ন্যাশনাল সিকিউরিটি কনসার্নে? টেররিজম, ভায়োলেন্ট অ্যাক্টিভিটিজ দিল্লি থেকে বসে ইনিশিয়েট করতেছে, দেড় হাজার মানুষ হত্যা করে গেছে।”
প্রতিমন্ত্রী বলেন, “সুতরাং ইউকেতে অনেক ভালো লজ আছে। এবং দিস ইজ অলসো এ রিজনেবলি গুড ল। তো এইটা একটু মাথায় রেখে এত রটেন এক ক্লায়েন্টকে পিকআপ করে শুধু খালি পয়সা বানানোর চিন্তা না করে এথিক্যাল কিছু বাউন্ডারিজ দেখাটা ভালো।”
শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যুর না করার বিষয়ে সরকারের অবস্থান জানিয়ে ওই ল ফার্মকে চিঠির জবাব দেওয়ার সম্ভাবনার কথাও বলেছেন প্রতিমন্ত্রী।
মজুরি বাড়াতে প্রতিবার কেন রাস্তায় নামতে হয়?

