বায়ুদূষণের তালিকায় চতুর্থ ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে ১৬৭ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। সোমবার সকাল ১০টার দিকে বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে জানা গেছে এ তথ্য। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো— বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে বেশি রয়েছে ১৪ গুণেরও বেশি। আজ ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে বারিধারা পার্ক রোড এলাকায়। তালিকায় এর পরেই রয়েছে গুলশান লেক পার্ক, আগারগাঁও, বারিধারা লেকসাইড, বেচারাম দেউড়ি, মিরপুরের ইস্টার্ন হাউজিং, মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর এবং কল্যাণপুর। এসব এলাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আজ বিশ্বের শহরগুলোর তালিকায় বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ৫০৯ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘বিপজ্জনক’ পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভারতের দিল্লি (২২১) ও মিসরের কায়রো (২১০)। শহরদুটির বাতাসের মান রয়েছে ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক বলে বিবেচিত হয়।

জাতীয়