বিমানের ঢাকা-দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা থেকে দাম্মামগামী এবং ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইটের স্থগিতকরণের সময় আগামী ৪ নভেম্বর পর্যন্ত (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) বাড়ানো হয়েছে। সৌদি আরবের বিমানবন্দরে অব্যাহত হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় রাষ্ট্রীয় এ সংস্থা।

আজ রোববার (২৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন এবং বাংলাদেশে ফিরতে পারবেন। যাত্রীদের চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) থেকে ঢাকা থেকে জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। অন্যদিকে, ঢাকা-মদিনা রুটে নিয়মিতভাবে বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

উল্লেখিত ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাসময়ে জানানো হবে। টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য যাত্রীদেরকে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

জাতীয়