সিরামিক শিল্পের ১২টি প্রতিষ্ঠান নিয়ে প্রথমবারের মতো ফুটবল কাপের আয়োজন করেছে বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ)। রাজধানীর বেরাইদে অ্যাথলেটস হাবে টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
পানিসম্পদমন্ত্রী বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দলগত মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিল্প ও ব্যবসায়িক খাতের সঙ্গে খেলাধুলার সম্পৃক্ততা বাড়লে সুস্থ প্রতিযোগিতা ও ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম। তিনি বলেন, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি দলগত ঐক্য, শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়। শিল্পখাতের প্রতিষ্ঠানগুলোকে নিয়ে এমন উদ্যোগ ক্রীড়াঙ্গনকে আরও উৎসাহিত করার পাশাপাশি ফুটবলের প্রতি আগ্রহ বাড়াবে বলে তিনি জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিসিএমইএর প্রেসিডেন্ট ও মন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মইনুল ইসলাম। এ সময় বিসিএমইএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও টুর্নামেন্টের চেয়ারম্যান আব্দুল হাকিম সুমন, পরিচালক ফারিয়ান ইউসুফ, হামজাহ সাকিফ তাবানী, মোহাম্মদ জিয়াউল হক জিকো, টুর্নামেন্ট আয়োজক কমিটির কো-চেয়ারম্যান ও ডিবিএল সিরামিকসের চিফ বিজনেস অফিসার মোহাম্মদ বায়েজিদ বাশার এবং জাতীয় দলের সাবেক ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী শাব্বির উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে অংশ নেওয়া ১২টি প্রতিষ্ঠান হচ্ছে আবুল খায়ের সিরামিক, আলী সিরামিক, বিসিএল সিরামিক, ব্রিজ কেমি, ডিবিএল সিরামিকস, এক্সিলেন্ট সিরামিক, খাদিম সিরামিকস, মীর সিরামিকস, মিরপুর সিরামিকস, প্যারাগন সিরামিক, আরএকে সিরামিকস ও শেলটেক সিরামিকস।

