বিশ্বনাথ ঘোষের বেশ কয়েকটি প্রচেষ্টা দেখল না আলোর মুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সেরা একাদশেই চমক। রাইট-ব্যাক বিশ্বনাথ ঘোষকে ‘নাম্বার-৯’ পজিশনে নামিয়ে দিলেন বাংলাদেশ কোচ টমাস ডুলি। ভুটানের রক্ষণে ভীতিও ছড়ালেন বিশ্বনাথ, কিন্তু প্রথমার্ধে তার কোনো প্রচেষ্টা খুঁজে পেল না ঠিকানা। বাংলাদেশও পেল না গোলের দেখা।
পল্টনের জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপে ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে লড়ছে বাংলাদেশ ও ভুটান। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশুন্য সমতায়।
এদিন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। শেষ দিকে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়ে শুভসূচনা করে প্রতিযোগিতার রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন ভারত।
ভারত-পাকিস্তান ম্যাচের পর হলো উদ্বোধনী অনুষ্ঠান। ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেবের সাথে সাদা-কালো স্ট্রাইপের ড্রেস পরে একদল নৃত্যশিল্পী নাচলেন নানা গানের তালে। টেকনোর রোবটও নাচল কোমর দুলিয়ে। ফুটল আতশবাজি।
বর্ণিল এই অনুষ্ঠানের সময় গ্যালারি ফাঁকা ছিল অনেকটাই। তবে, বাংলাদেশ ম্যাচের আগে দল বেঁধে মাঠে ঢুকতে থাকেন সমর্থকেরা। গ্যালারির অনেকটাই পূরণ হয় কিক-অফের সময়।
অষ্টম মিনিটে জামাল ভূঁইয়ার কর্নার এক ডিফেন্ডার ক্লিয়ার করার পর, বক্সের বাইরে পেয়ে যান ফয়সাল আহমেদ ফাহিম। তার প্রথম শট ব্লকড হওয়ার পর, ফিরতি শট ঝাঁপিয়ে আটকান গোলকিপার গাইয়েলতশেন জাংপো।
একটু পর বলের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে সাদ উদ্দিনের হাঁটু গিয়ে লাগে তিসেরাং ওয়াংচুকের পিঠের উপরের দিকে। ব্যথায় কাঁতরাতে কাঁতরাতে মাঠে শুয়ে পড়েন তিনি। তাতে খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। মাঠের বাইরে চিকিৎসা নিতে দেখা যায় এই ফরোয়ার্ডকে। মেডিকেল স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়ার বেশ কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সে স্টেডিয়াম ছাড়েন ওয়াংচুক।
দ্বাদশ মিনিটে শমিতের হেড গোলকিপারের গ্লাভস গলে বেরিয়ে যাওয়ার পর, বিশ্বনাথ বলের নাগাল পেতে ছুটছিলেন। দারুণ ক্ষিপ্রতায় বিশ্বনাথের ওপর দিয়ে লাফিয়ে বল গ্লাভসে জমান জাংপো। একটু পর বিশ্বনাথের হেড বাইরে যায়।
২৫তম মিনিটে শমিতের শট কর্নার করে দেন গোলকিপার। সেই কর্নারে বক্সে জটলার ভেতর থেকে বিশ্বনাথের ভলি বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে। ৩৮তম মিনিটে সতীর্থের পাস ধরে বিশ্বনাথের শট যায় পোস্টের বাইরে।
মসনদে টান ওদের, দমবন্ধ কিন্তু আমাদেরই
ল্যাবে কি ঘুমিয়ে আছে পূর্ণ শিক্ষিত রোবট?
পশুপাখির প্রতি নিষ্ঠুরতা: নিজের পায়ে কুড়াল মারার দীর্ঘ ইতিহাস
তীব্র তাপপ্রবাহ: অনাগত প্রজন্মের জন্য নীরব বিপদ

