এক ম্যাচ বাকি থাকতেই সাফ চ্যাম্পিয়নশিপের সেরা চারে উঠল টমাস ডুলির দল।
ভুটানের বিরুদ্ধে সাফের প্রথম খেলায় ইব্রাহিমের গোলের পর উল্লাস বাংলাদেশের খেলোয়াড়দের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে হার এড়ানোর প্রয়োজন ছিল ভুটানের। শুরুটাও ভালো হলো তাদের। দ্রুত ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা। নানা নাটকীয়তার পর দুই দলের ম্যাচটি হলো ড্র। তাতে বাংলাদেশ উঠে গেল সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে।
পল্টনে জাতীয় স্টেডিয়ামে রোববার ‘এ’ গ্রুপের দুই দলের ম্যাচটি ২-২ ড্র হয়েছে। এই ড্রয়ে ১ করে পয়েন্ট নিয়ে ভুটান ও শ্রীলঙ্কার সেমিফাইনালে খেলার আশা বেঁচে থাকল। ভুটানের বিপক্ষের জয়ে পাওয়া ৩ পয়েন্ট নিয়ে শেষ চারে উঠল টমাস ডুলির দল।
আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সেমিফাইনালে উঠতে বাংলাদেশের বিপক্ষে ১-০ গোলে হেরে গ্রুপ পর্ব শুরু করা ভুটানকে তাকিয়ে থাকতে হবে এই ম্যাচের দিকে।
৩৪তম মিনিটে এগিয়ে যায় ভুটান। চেনচো গাইয়েলতশেনের ক্রস এক ডিফেন্ডার কাঁধ দিয়ে ক্লিয়ার করার পর, দাওয়া তিসেরাং ফিরতি শটে লক্ষ্যভেদ করেন।
পরক্ষণেই পাল্টা গোলে সমতায় ফেরে শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়া প্রবাসী উইঙ্গার ওলিভার জেমসের দূরপাল্লার শট ঝাঁপিয়ে পড়েও ফেরাতে পারেননি গোলকিপার।
৪০তম মিনিটে সাইড লাইন থেকে শ্রীলঙ্কার ইংল্যান্ড প্রবাসী সেন্টার-ব্যাক ক্রিস্টোফার কেলির শট ক্রসবারের উপরের দিকে লেগে বাইরে যায়। একটু পর ওলিভার জেমসের ক্রসে ডাইভিং হেডে শ্রীলঙ্কাকে এগিয়ে নেন ওয়াসিম রাজেক।
৬৬তম মিনিটে বক্সে বল দখলের লড়াইয়ে কিংজেন তেনজিনকে ফাউল করেন ডিলন সেনান ডি সিলভা। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে চেনচোর শট ডান দিকে ঝাঁপিয়ে আটকে দেন সুজান পেরেইরা। ফিরতি শট গোললাইন থেকে ফেরান ডিলন।
চেনচো ৭৭তম মিনিটে সমতায় ফেরান ভুটানকে। দূরপাল্লার ফ্রি কিক সুজান ফেরালেও গ্লাভসে জমাতে পারেননি। আলগা বল পেয়ে তানদিন তিসেরাং ছুটে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে কাট-ব্যাক করেন। নিখুঁত শটে চেনচো খুঁজে নেন জাল।
পরের মিনিটে ওয়ান-অন-ওয়ানে শ্রীলঙ্কার শট আটকে ভুটানকে সমতায় রাখেন গোলকিপার জাংপো গাইয়েলতশেন।
শেষ দিকে শ্রীলঙ্কার একটি প্রচেষ্টা পোস্টে বাধা পায়। এরপরই ভুটানের বক্সে বলের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে তৈরি হয় উত্তেজনা। রেফারি পরিস্থিতি দ্রুতই শান্ত করেন। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যে শট রাখতে পারেননি শ্রীলঙ্কার রাহুল সুরেশ।
প্যাকেটের বর্জ্য, উৎপাদকের দায়িত্ব
সামান্তাদের বিদায়: তরুণদের রাজনীতির স্বপ্নে ভাঙন
করের বিকল্প যখন রেমিটেন্স: জবাবদিহিহীন রাষ্ট্রের ‘সহজ এক্সিট’ তত্ত্ব
বিচারহীনতার দশ বছর: সাঁওতালদের ভিটা বাগদাফার্মে কার স্বার্থে ইপিজেড?

