দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বেশি পেস সহায়ক উইকেটগুলির একটি সেঞ্চুরিয়ন, সবশেষ টেস্টগুলোয় ভারত-পাকিস্তানসহ সব দলই এখানে চার পেসার নিয়ে সাজিয়েছে একাদশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বাংলাদেশের নেট সেশনের পুরো সময়টুকু মন ভার করে বসে রইলেন মুশফিকুর রহিম। তার সবচেয়ে প্রিয় কাজ নিঃসন্দেহে ব্যাটিং করা। কিন্তু অন্যরা যখন নেটে ব্যাট করছেন, তিনি তখন ম্যানেজার ও ফিজিওর সঙ্গে বসে সতীর্থদের ব্যাটিং দেখছেন অসহায় চোখে। মুশফিকের জন্য এর চেয়ে কষ্টের কিছু আর নেই। তবে ক্রিকেটার বা পেশাদার ক্রীড়াবিদদের বাস্তবতাই এমন। চোটের কারণে সেঞ্চুরিয়ন টেস্টে খেলতে পারবেন না অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
সেই বাস্তবতাই এখন প্রশ্নটি মেলে ধরছে, মুশফিকের বদলে খেলবেন কে? চার পেসার কি খেলাতে পারবে বাংলাদেশ?
কখনও কখনও অনাকাঙ্ক্ষিত কিংবা অপ্রত্যাশিত অনেক ঘটনাই নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের একাদশ নিয়ে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল, চার পেসার কেন খেলায়নি বাংলাদেশ। এবার সেঞ্চুরিয় মুশফিকের চোট তো সেই সুযোগই করে দিল বাংলাদেশের সামনে। এখন প্রশ্ন হলো, সেই সুযোগটি কি নেবে টিম ম্যানেজমেন্ট নাকি আগের টেস্টের মতোই থাকবে বোলিং আক্রমণের গঠন?
চার পেসার খেলাতে চাইলে টিম ম্যানেজমেন্টের কাছে সমাধান সহজ—মুশফিকের বদলে একজন পেসার বাড়ানো। কিন্তু সেই ভাবনা টিম ম্যানেজমেন্টের আছে কি না, সংশয় আছে যথেষ্টই।
সেঞ্চুরিয়নে প্রথম দিনের অনুশীলনে শনিবার লম্বা সময় নেটে ব্যাট করেছেন জাকের আলি। সেই নেট সেশন দেখে মনে হতেই পারে, মুশফিকের বদলি হিসেবে জাকেরকেই আপাতত ভাবা হচ্ছে।
স্কোয়াডে অবশ্য ব্যাটসম্যান আছেন আরও একজন। তবে মোহাম্মদ নাঈম শেখ মূলত টপঅর্ডার ব্যাটসম্যান। মুশফিকের বদলে তার একাদশে আসার সম্ভাবনা সামান্যই। নাঈম হোক বা জাকের, মুশফিকের বদলে একজন ব্যাটসম্যান খেলানো মানে আবার সাত ব্যাটসম্যান নিয়েই একাদশ সাজানো।
সেঞ্চুরিয়নের উইকেট নিশ্চিতভাবেই ব্যাটসম্যানদের পরীক্ষা নেবে। দক্ষিণ আফ্রিকার সবচেয়ে গতিময় ও পেস সহায়ক উইকেটগুলোর একটি মনে করা হয় এটিকে। এই মাঠের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় সেরা বিশে কেবল একজন স্পিনারই আছেন, পল হ্যারিস। তিনিও আছে ১৩ নম্বরে। এখানে ১০ টেস্টে ৫৯ উইকেট ডেল স্টেইনের, এক ম্যাচ কম খেলেই তার সমান উইকেট কাগিসো রাবাদার। ৪ ম্যাচে এখানে ১৯ উইকেট মার্কো ইয়ানসেনের। এই সিরিজের দলে ফেরা ডেন প্যাটারসন এই মাঠে একটি টেস্ট খেলে নিয়েছেন ছয় উইকেট। ভিয়ান মুল্ডারের রেকর্ডও খারাপ নয়। তারা যে আবার ঝাঁপিয়ে পড়বেন, তা ধরে রাখাই যায়।
সেই শঙ্কা বুকে পুষে আবার সাত ব্যাটসম্যানের ‘সুরক্ষিত’ একাদশের ভাবনা থাকতে পারে বাংলাদেশের। তবে সিরিজে পিছিয়ে থাকা দলের তো আক্রমণাত্মক মানসিকতা নিয়েই মাঠে নামতে হয়!
সিরিজ বাঁচাতে হলে সেঞ্চুরিয়নে জয়ের বিকল্প নেই।
জিততে হলে প্রতিপক্ষের ২০ উইকেট নিতে হবে।
২০ উইকেট নিতে হলে চার পেসারের বোলিং আক্রমণ জরুরি।
এই মাঠের সবশেষ দুটি টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ ছিল উপমহাদেশের দুই দল ভারত ও পাকিস্তান। তারাও এখানে চার পেসার নিয়েই খেলেছে।
মুশফিকের জায়গায় জাকেরকে খেলিয়ে এবং সাত ব্যাটসম্যান নিয়েও অবশ্য চার পেসার খেলানোর সুযোগ আছে। সেক্ষেত্রে বাইরে রাখতে হবে মেহেদী হাসান মিরাজকে।
সেঞ্চুরিয়নে এমনিতে স্পিনারদের খুব বড় ভূমিকা সাধারণত তেমন একটা থাকে না। তবে পেস সহায়ক উইকেটেও তো কখনও কখনও স্পিনারদের ভূমিকা রাখার প্রয়োজন পড়ে! কোনো বড় জুটি হলে, পেসারদের একটু বিশ্রামের প্রয়োজন পড়লে, কখনও ভিন্ন কিছু চেষ্টা করতে একজন স্পিনার থাকলে অধিনায়কের জন্য বাড়তি কিছুর রসদ থাকে।
এখানে সবশেষ টেস্টে পাকিস্তান পেসার নিয়ে খেললেও একাদশে ছিলেন অলরাউন্ডার সাইম আইয়ুব। বাংলাদেশের একাদশে মিরাজ না থাকলে সাইমের মানের স্পিনার নেই কেউ। মুমিনুল হক অবশ্যই পারেন স্পিন করতে, জোহানেসবার্গে একটি ব্রেক থ্রুও তিনি এনে দিয়েছিলেন দলকে। তবে তিনি তো আর সাইমের তো স্পিনিং অলরাউন্ডার নন!
ওই ম্যাচের আগের টেস্টে এখানে ভারত চার পেসার খেলালেও একাদশে রেখেছিল রাভিচান্দ্রান অশ্বিনকে। তিনি অলরাউন্ডার হলেও মূলত তো বিশেষজ্ঞ স্পিনারই। তাতে দলের ব্যাটিং শক্তি একটু কমে গিয়েছিল, কিন্তু ম্যাচ জয়ের ভাবনায় সেই ঝুঁকি তারা নিয়েছিল। ভারত ও পাকিস্তানের আগের টেস্টে এখানে ওয়েস্ট ইন্ডিজও লেখেছিল চারজন বিশেষজ্ঞ পেসার নিয়ে, সঙ্গে কাইল মেয়ার্সকে মিলিয়ে পেস আক্রমণে ছিলেন পাঁচজন। তবে রস্টন চেইসের মতো স্পিনিং অলরাউন্ডারও ছিলেন।
মিরাজকে একাদশে রাখা মানে তাই প্রয়োজনের সময় অধিনায়কের হাতে একটি বিকল্প থাকা।
ছয় ব্যাটসম্যানের সঙ্গে মিরাজ, সঙ্গে চার পেসার- সত্যিকার অর্থে ইতিবাচক মানসিকতার একাদশের সমন্বয় হতে পারে এরকম, যে একাদশে বার্তা থাকবে ম্যাচ জয়ের তাড়নার।
শেষ পর্যন্ত চার পেসার বেছে নেওয়া হোক বা তিন পেসার- পেস আক্রমণে একটি পরিবর্তন অবধারিতই। টেনিস এলবোর চোটে ছিটকে পড়া হাসান মাহমুদ এখন দেশের পথে। জোহানেসবার্গে যাকে না খেলানোয় আলোচনা-সমালোচনা ছিল প্রবল, সেই শরিফুল ইসলামের একাদশে ফেরা নিশ্চিতই। সঙ্গে সৈয়দ খালেদ আহমেদকেও দেখা যেতে পারে একাদশে।
হাসান ফিরে যাওয়ায় স্কোয়াডে পেসারই এখন চারজন। চার পেসার খেলালে তো খালেদ এমনিতেই একাদশে আসবেন। তিন পেসার খেলালেও শরিফুলের সঙ্গে একাদশে ফিরতে পারেন খালেদ। সেক্ষেত্রে বাইরে চলে যাবেন তাসকিন আহমেদ বা ইবাদত হোসেন চৌধুরির মধ্যে কেউ।
ফিটনেস ও ওয়ার্কলোড বিবেচনায় এই টেস্টে তাসকিনকে খেলানো হয়তো একটু ঝুঁকিরই হবে। বিশেষ করে, সামনের সীমিত ওভারের সিরিজেও যখন তাকে লাগবে দলের। তবে জোহানেসবার্গে ইবাদতের বোলিং এতটাই ধারহীন ছিল যে, তাকে আরেকটি সুযোগ দেওয়াটাও কঠিন। সব মিলিয়ে এখানেও একটি কঠিন সিদ্ধান্ত অপেক্ষায় টিম ম্যানেজমেন্টের।
মুশফিকের বদলে একজন পেসার খেলিয়েও পাশাপাশি জাকেরকে একাদশে ফেরানো যায়। সেটি মুমিনুল হকের বদলে। দেশের বাইরে তার বিবর্ণ রূপ তো বরাবরই আলোচিত। তার সেই নিজের মানদণ্ডের তুলনায়ও আরও বাজে অবস্থা দক্ষিণ আফ্রিকায়।
জোহানেসবার্গে জোড়া ব্যর্থতার পর দক্ষিণ আফ্রিকায় ১০ ইনিংসে তার গড় এখন ১০.৬০। সাম্প্রতক সময়ে রান করতে পারছেন না তিনি কোথাও। টানা ১০ ইনিংসে করতে পারেননি ফিফটি। তাকে বিরতি দিয়ে জাকেরকে সুযোগ দেওয়া যায় অনায়াসেই।
তবে মুশফিক ছিটকে পড়ার পর আরও একজন অভিজ্ঞ ব্যাটসম্যানকে হয়তো একাদশের বাইরে রাখতে চাইবে না দল। শনিবার সেঞ্চুরিয়নের নেটে দুই দফায় ব্যাট করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান, পাশাপাশ বোলিং অনুশীলনও করেছেন বেশ কিছুক্ষণ।
একাদশের সম্ভাব্য চিত্র আরেকটু স্পষ্ট হতে পারে ম্যাচ শুরুর আগের দিনের অনুশীলনে। বাংলাদেশ দল কতটা সাহসী হবে, সেখানেই হয়তো ফুটে উঠবে, ম্যাচ জয়ের বিশ্বাস তাদের কতটা আছে।
এক ফ্রেমে শি–ট্রাম্প–পুতিন: বদলে যাওয়া বিশ্বব্যবস্থার বার্তা
সিদ্ধান্তহীনতার আবর্তে ঘুরপাক খাচ্ছে জলবায়ু সম্মেলন কপ৩১
রূপপুরে চেরনোবিলের মতো দুর্ঘটনার আশঙ্কা কতটুকু?

