লংমার্চের নামে গাড়িমার্চ করেছে ১১ দলীয় জোট: সংস্কৃতিমন্ত্রী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

লংমার্চের নামে ১১ দলীয় ঐক্যজোট গাড়িমার্চ করেছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, “লংমার্চ পায়ে হেঁটে করতে হয়। কিন্তু তারা যেটা করেছে, সেটাকে গাড়িমার্চ বলা যায়। এই গাড়িমার্চের মাধ্যমেই তারা তাদের কথা বলবে, মানুষ শুনবে। এসব নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা চাই, দেশে যাদের রাজনীতি করার অধিকার আছে, তারা রাজনীতি করুক।”

শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সার্কিট হাউসে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী এসব মন্তব্য করেন।

নজরুল বর্ষ উদ্‌যাপন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নজরুল বর্ষ ঘোষণার পর থেকে দেশের শিল্প-সংস্কৃতির প্রসারে সরকার কাজ করছে। নতুন প্রজন্মের কাছে শিল্প ও সংস্কৃতি তুলে ধরতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমাদের সংস্কৃতি হাজার বছরের পুরোনো ও সমৃদ্ধ। অন্য দেশের মানুষের কাছে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানো হচ্ছে। বাউল গান, লোকসংগীত, ভাটিয়ালি এবং দাঁড়িয়াবান্ধা, হাডুডু, কাবাডি ও লাঠিখেলার মতো ঐতিহ্যবাহী খেলাগুলোও নতুন করে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।”

মতবিনিময় সভায় জেলার মাদক, চোরাচালান, বাল্যবিয়ে ও আত্মহত্যা প্রতিরোধসহ বিভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী জেলা শিল্পকলা একাডেমি চত্বরে সপ্তাহব্যাপী নজরুল উৎসবের সমাপনী অনুষ্ঠানে অংশ নেন।

মাটি বাঁচানোর বৈশ্বিক আলোচনায় বাংলাদেশের জায়গা কোথায়?

ব্যাটারি রিকশার বিধিমালা: নিরাপত্তা, নাকি জীবিকার ওপর বেড়া?

মেট্রোরেলে প্রবীণের মৃত্যু: একটু বসার জায়গা ছাড়েনি কেউ

উদীচীর ৫৮: কনটেন্টের কোলাহলে মুক্তবুদ্ধির ধ্রুবতারা

জাতীয়