সরকারি কার্যক্রম ও নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইসিটিমন্ত্রীর

সরকারের কার্যক্রম নিরাপদ, নিরবচ্ছিন্ন ও জনবান্ধব রাখতে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, সরকারি তথ্য-উপাত্ত, গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো (সিআইআই) এবং ডিজিটাল সেবা সুরক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রাতিষ্ঠানিক সমন্বয়, দক্ষ জনবল ও কার্যকর নীতিমালা প্রণয়নে গুরুত্ব দিতে হবে।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা’ শীর্ষক দুই দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

সেমিনারের প্রতিপাদ্য ‘স্থিতিশীল ডিজিটাল সরকার প্রতিষ্ঠায় সাইবার নিরাপত্তা: নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নেতাদের কৌশলগত সচেতনতা’।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত ডিজিটাল রূপান্তরের পথে এগিয়ে যাচ্ছে। ডিজিটাল ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা থেকে শুরু করে ‘এক নাগরিক, এক পরিচয়, এক ওয়ালেট’—সবকিছুই এখন ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। এসব উদ্যোগ নতুন সুযোগ তৈরি করলেও একই সঙ্গে সাইবার ঝুঁকিও বাড়িয়ে দিয়েছে।

সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে তিনটি অগ্রাধিকারের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে অবকাঠামো ও প্রযুক্তি ব্যবস্থার নকশা প্রণয়নের শুরু থেকেই সাইবার নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নিরাপত্তাকে পরবর্তী সময়ে যুক্ত করার বিষয় হিসেবে না দেখে অবকাঠামো উন্নয়নের মৌলিক অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

নাগরিকদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্যের সুরক্ষাকে ডিজিটাল রাষ্ট্র গঠনের অন্যতম প্রধান শর্ত উল্লেখ করে তিনি বলেন, এ লক্ষ্যে কার্যকর তথ্য সুরক্ষা কাঠামো প্রণয়ন ও বাস্তবায়নের পাশাপাশি ডিজিটাল সেবার প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা করতে হবে।

মন্ত্রী আরও বলেন, সাইবার নিরাপত্তাকে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা, নীতিনির্ধারণ ও বাজেটের অবিচ্ছেদ্য অংশ করতে হবে। এ জন্য দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং কার্যকর নেতৃত্ব নিশ্চিত করা জরুরি। সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, নির্ভরযোগ্য ও টেকসই ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে হবে।

ফকির মাহবুব আনাম বলেন, ‘আমরা প্রতিক্রিয়াশীল মনোভাব থেকে বেরিয়ে এসে প্রতিরোধমূলক সাইবার সংস্কৃতি গড়ে তুলতে চাই। এস্তোনিয়ার অভিজ্ঞতা ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা এগিয়ে যাব।’

সেমিনারের ফলাফল বাস্তবায়নে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থাকে (এনসিএসএ) একটি সুস্পষ্ট রূপরেখা তৈরির আহ্বান জানান তিনি। পরে সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, ভৌগোলিক সীমানার মতোই ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা করাও এখন অপরিহার্য। সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে অবকাঠামোগত প্রস্তুতি, নাগরিকদের তথ্যের শতভাগ সুরক্ষা এবং তরুণ প্রজন্মের মেধার যথাযথ বিকাশ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে সাইবার ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। সাইবার অপরাধীদের প্রতিহত করতে হলে একই গতি ও আধুনিক প্রযুক্তি নিয়ে প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনীয় প্রযুক্তি ও প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের মেধার যথাযথ ব্যবহার এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার মধ্য দিয়ে একটি সুরক্ষিত ও স্থিতিশীল ডিজিটাল ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নাহিদ সুলতানা মল্লিক। এ ছাড়া এস্তোনিয়ার ই-গভর্ন্যান্স একাডেমির (ইজিএ) প্রতিনিধি ইনগ্রিড টুনিকুর্গ সূচনা বক্তব্য দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদলের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ সেমিনারে জাতীয় সাইবার নিরাপত্তা কৌশল, বাংলাদেশের সাইবার ঝুঁকির চিত্র, সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ও সার্ট/সিএসআইআরটির কার্যক্রম, সরকারি নেটওয়ার্কের সুরক্ষা, সাইবার হামলা মোকাবিলা, দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে আলোচনা হবে।

সেমিনারে এস্তোনিয়ার সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞান তুলে ধরবেন। পাশাপাশি সাইবার নিরাপত্তা তদারকি, সাইবার কূটনীতি, ভুল ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলা এবং বাংলাদেশের সাইবার স্থিতিশীলতা জোরদারে করণীয় নিয়ে বিশেষজ্ঞদের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের আশা, এ সেমিনার নীতিনির্ধারক ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সাইবার নিরাপত্তা বিষয়ে কৌশলগত সচেতনতা বাড়ানো, সরকারি ডিজিটাল সেবার নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় পর্যায়ে সাইবার ঝুঁকি মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘ই-ফেক্টিভ গভর্ন্যান্স: বাংলাদেশে ই-গভর্নমেন্ট ও ডিজিটাল সরকারি সেবার ত্বরান্বিতকরণ’ প্রকল্পের আওতায় এ সেমিনারের আয়োজন করা হয়েছে। এতে দেশি-বিদেশি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিচ্ছেন।

জাতীয়