সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির পারিবারিক মিলনমেলা

সিঙ্গাপুরে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটির পারিবারিক মিলনমেলা

সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশি মেরিনার ও তাঁদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বার্ষিক পারিবারিক মিলনমেলার আয়োজন করেছে বাংলাদেশি মেরিনার্স কমিউনিটি সিঙ্গাপুর (বিএমসিএস)। গত ১৪ নভেম্বর সিঙ্গাপুরের টেমাসেক কান্ট্রি ক্লাবের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় ৪০০ অতিথি অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স লুৎফুন্নাহার। এ ছাড়া চট্টগ্রাম মেরিন একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন কাজী এ.বি.এম. শামীম, সিঙ্গাপুর মেরিটাইম অফিসার্স ইউনিয়নের (এসএমওইউ) প্রতিনিধি, বিভিন্ন আন্তর্জাতিক শিপিং কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মেরিটাইম খাতের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএমসিএসের সভাপতি মেরিন ইঞ্জিনিয়ার শাকাওয়াত হোসেন। বক্তব্য দেন প্রধান অতিথি লুৎফুন্নাহার, ক্যাপ্টেন কাজী এ.বি.এম. শামীম এবং সংগঠনের সহসভাপতি ক্যাপ্টেন এমদাদ হোসেন। তাঁরা আন্তর্জাতিক মেরিটাইম খাতে বাংলাদেশি মেরিনারদের অবদান, পেশাগত দক্ষতা এবং প্রবাসে তাঁদের মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশি মেরিনার কমিউনিটিতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে ইঞ্জিনিয়ার মোহাম্মদ জহিরুল হক ও ইঞ্জিনিয়ার শাহ মকবুল হুদা জুয়েলকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এ ছাড়া বার্নহার্ড শুল্টে শিপম্যানেজমেন্টের (বিএসএম) ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন রেমন্ড পিটারকে ‘এক্সিলেন্স ইন মেরিটাইম লিডারশিপ’ সম্মাননা প্রদান করে বিএমসিএস।

সম্মাননা গ্রহণের পর ক্যাপ্টেন রেমন্ড পিটার তাঁর প্রতিষ্ঠানে আরও বেশি বাংলাদেশি নাবিক ও মেরিটাইম ক্যাডেট নিয়োগের আগ্রহের কথা জানান। তাঁর এ বক্তব্য আন্তর্জাতিক শিপিং খাতে বাংলাদেশি মেরিনারদের কর্মসংস্থানের সম্ভাবনাকে সামনে নিয়ে আসে।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও তাঁদের সন্তানদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। সংগীত ও নৃত্যের পরিবেশনায় মুখর হয়ে ওঠে মিলনমেলা। এতে প্রবাসী মেরিনারদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নেন।

অনুষ্ঠানের সমাপনী পর্বে বিএমসিএসের সাধারণ সম্পাদক শাহরিয়ার আলী গওহর অতিথি, শিপিং কোম্পানির প্রতিনিধি, পৃষ্ঠপোষক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আয়োজকেরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে প্রবাসে বসবাসরত বাংলাদেশি মেরিনারদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, পেশাগত সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদার হবে।

আন্তর্জাতিক