হুথি হামলায় রিয়াদে নিহত একজন বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে মরদেহটি বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গত ১০ অক্টোবর বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত হন শাহেদ। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার রফিকুল ইসলামের ছেলে।

সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদি আরবের স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস ৩৬২ ফ্লাইটটি শাহেদের মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। পরে শুক্রবার সকালে ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়।

উল্লেখ্য, রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১২ জনের মধ্যে দুজন বাংলাদেশি ছিলেন। শাহেদ তাঁদের একজন।

জাতীয়