নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপি ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বৃহস্পতিবার দীর্ঘ ১৭ বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তিনি সকাল সাড়ে ৭টার দিকে মদন কোর্ট ভবন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সপরিবারে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন।
ভোট প্রদান শেষে বাবর সাংবাদিকদের বলেন, দীর্ঘ সময়ের বিরতির পর ভোট দিতে পারা তার জন্য একটি বড় বিষয়। তিনি বলেন, “আমি যে আজ ভোট দিতে পারছি এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি, এর চেয়ে বড় রহমত আর কী হতে পারে? এজন্য আমি মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ।” তিনি আরও জানান, তার সন্তানরাও আজ প্রথমবার নিজের ভোটাধিকার প্রয়োগ করেছে।
বাবর ভোটারদের মধ্যে বিশেষত তরুণদের অংশগ্রহণের প্রশংসা করেন এবং এটিকে দেশের ভবিষ্যতের জন্য আশার প্রতীক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “এখানে অনেক তরুণই প্রথমবার ভোট দিচ্ছে। আমাদের এলাকা সবসময়ই শান্তিপূর্ণ ছিল এবং এখনও সেই পরিবেশ বজায় আছে। আশা করি সারাদেশেও ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।”
নির্বাচনী পরিবেশ নিয়ে বাবর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শক্ত অবস্থান নিয়েছে। তবে যারা ভোটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, তাদের কার্যক্রমকে তিনি অবৈধ ও অগ্রহণযোগ্য হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, “আমাদের দলের পক্ষ থেকে এ ধরনের কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হবে না।”
এছাড়া তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার জন্য অনুরোধ করেন এবং ভোট ইঞ্জিনিয়ারিং প্রতিরোধে সব সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্ব পালন করতে বলছেন। প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্টসহ সকলকে নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
নেত্রকোণা জেলায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে জেলার পাঁচটি সংসদীয় আসনের ভোট কেন্দ্রগুলোতে ভোটাররা নির্বিঘ্নে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। জেলার মোট ভোট কেন্দ্র ৬৭৬টি। মোট ভোটার সংখ্যা ২০ লাখ ৪৪ হাজার ৭৩৬ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৩৭ হাজার ২২৫ জন, মহিলা ভোটার ১০ লাখ ৭ হাজার ৪৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪০ জন। এছাড়া পোস্টাল ভোটার ১৭ হাজার ৮২০ জন।
জেলায় ৬৭৬টি ভোট কেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে। এর মধ্যে ২৬১টি সাধারণ, ২৭৩টি গুরুত্বপূর্ণ এবং ১৪২টি অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করছেন ৬৭৬ জন প্রিজাইডিং অফিসার, ৩৮৪৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৭৬৮৬ জন পোলিং অফিসার।
নির্বাচন প্রশাসন জানিয়েছেন, কেন্দ্রে ভোটারদের জন্য নিরাপদ ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে সকল প্রকার প্রাকৃতিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটাররা সকাল থেকে দীর্ঘ সময় ধরে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করছেন, এবং ভোট গ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে চলছে।


