শিশুদের স্বাবলম্বী ও সুরক্ষিত জীবন নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতি পালন করছে

শিশুদের স্বাবলম্বী ও সুরক্ষিত জীবন নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতি পালন করছে

 

সারাদেশ ডেস্ক

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, শিশুদের বড় হয়ে স্বাবলম্বী হওয়া এবং সমাজের সম্পদ হিসেবে গড়ে ওঠা নিশ্চিত করার জন্য সরকার কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, শিশুদের বিরুদ্ধে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না এবং সরকার জিরো টলারেন্স নীতি কঠোরভাবে পালন করবে।

গতকাল শুক্রবার রংপুর নগরের মর্ডান মোড়ে অবস্থিত সরকারি শিশু পরিবার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, সমাজের অবহেলিত শিশুদের জীবনমান উন্নয়নের জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। মন্ত্রী আরও জানান, শিশুদের যাতে নিজেদের পরিবারহীন বা সুবিধাবঞ্চিত মনে না হয়, সেই লক্ষ্যে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।

পরিদর্শনের সময় আবু জাফর মো. জাহিদ হোসেন শিশুদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, উত্তরবঙ্গসহ সারা দেশের পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় সক্রিয়ভাবে কাজ করছে।

এ সময় সেখানে সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী শিশু পরিবারগুলোর কার্যক্রম পর্যালোচনা করে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক বিকাশ নিশ্চিত করার জন্য আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

মন্ত্রী আশা প্রকাশ করেন, সঠিক নীতি ও কার্যক্রমের মাধ্যমে শিশুদের দক্ষ ও স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে, যা দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে।

শীর্ষ সংবাদ সারাদেশ