ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

ফ্লোরিডায় বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন (৪০) নামের এক ব্যক্তিকে অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে শহরের মার্টিন লুথার কিং জুনিয়র বুলেভার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত নীলুফার ইয়াসমিন ফোর্ট মায়ার্সের একটি বাংলাদেশি মালিকানাধীন ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি দোকানের নিকটেই অবস্থান করছিলেন। হামলার পরপরই জরুরি সেবা বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা সকাল ৭টা ২৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

তদন্ত সংশ্লিষ্টদের বরাতে জানা যায়, ঘটনার কয়েকদিন আগে একই ব্যক্তি দোকানের এটিএম মেশিন থেকে টাকা তোলার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি ক্যাশিয়ারের কাছে অর্থ দাবি করলে নীলুফার ইয়াসমিন তা দিতে অস্বীকৃতি জানান। ধারণা করা হচ্ছে, এ ঘটনাকে কেন্দ্র করেই অভিযুক্তের মধ্যে ক্ষোভ তৈরি হয়।

ঘটনার দিন ভোরে দোকানের সামনে একটি গাড়ি ভাঙচুরের শব্দ শুনে নীলুফার বাইরে এসে পরিস্থিতি দেখতে গেলে অভিযুক্ত তার ওপর হামলা চালান। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে গাড়ির উইন্ডশিল্ড ভাঙচুর করা হয় এবং পরবর্তীতে নীলুফার ইয়াসমিনকে লক্ষ্য করে ধারালো ও ভারী বস্তু দিয়ে আঘাত করা হয়।

স্থানীয় পুলিশ জানায়, অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন একজন গৃহহীন ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে ঘটনাস্থল থেকে দ্রুত আটক করে লি কাউন্টি জেলে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ আনা হয়েছে।

ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোরের ব্যবস্থাপনা সূত্রে জানা যায়, নীলুফার ইয়াসমিন প্রায় তিন মাস আগে সেখানে ক্যাশিয়ার হিসেবে যোগ দেন। তিনি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের বাসিন্দা ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যাসন্তানের জননী।

এ ঘটনায় ফোর্ট মায়ার্স পুলিশ বিভাগ আনুষ্ঠানিকভাবে অভিযুক্তের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে কারও কাছে অতিরিক্ত তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য আহ্বান জানানো হয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা স্থানীয় কমিউনিটির মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে। তদন্ত চলমান থাকায় পুলিশ এ বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে বলে জানিয়েছে।

এদিকে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সংশ্লিষ্টরা দ্রুত ও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ