স্বাস্থ্য ডেস্ক
দেশজুড়ে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় উন্নত চিকিৎসা নিশ্চিত করার জন্য বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশেষায়িত হাম ওয়ার্ড চালু করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিএমইউ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএমইউয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানিয়েছেন, সি ব্লকের দ্বিতীয় তলায় হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আট শয্যার একটি ওয়ার্ড স্থাপন করা হয়েছে। একই সঙ্গে ওয়ার্ডটির পরিসর সম্প্রসারণের কাজও সম্পন্ন করা হয়েছে।
হাম শনাক্ত ও রোগী ব্যবস্থাপনার জন্য একটি স্ক্রিনিং সেন্টার চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার হাম ওয়ার্ড পরিদর্শন করেন পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছেরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বর্তমানে ওয়ার্ডটিতে চারজন রোগী ভর্তি রয়েছেন। হাম পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বিত ব্যবস্থাপনার জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে। এছাড়া ২ নম্বর বহির্বিভাগে একটি স্ক্রিনিং সেন্টার স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এফ ব্লকের দ্বিতীয় তলায় একটি সম্প্রসারিত আইসোলেশন ওয়ার্ড স্থাপনেরও পরিকল্পনা নেওয়া হয়েছে, যা হাম রোগীর চিকিৎসা ও নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করবে। বিশেষজ্ঞরা আশা করছেন, নতুন এই ব্যবস্থা দেশব্যাপী হাম রোগের দ্রুত শনাক্ত ও চিকিৎসা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


