হ্যামস্ট্রিং ইনজুরিতে এস্তেভাওয়ের মৌসুম শেষ, শঙ্কায় বিশ্বকাপ যাত্রা

হ্যামস্ট্রিং ইনজুরিতে এস্তেভাওয়ের মৌসুম শেষ, শঙ্কায় বিশ্বকাপ যাত্রা

খেলাধূলা ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসির ব্রাজিলিয়ান উইঙ্গার এস্তেভাও গুরুতর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে চলতি মৌসুম থেকে ছিটকে গেছেন। গত শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে এই চোট পান ১৮ বছর বয়সী এই তরুণ প্রতিভা। পরবর্তী চিকিৎসায় তার হ্যামস্ট্রিংয়ে ‘গ্রেড ফোর’ পর্যায়ের চোট ধরা পড়েছে, যা আসন্ন ফিফা বিশ্বকাপে তার অংশগ্রহণকে বড় ধরনের অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

ম্যাচ চলাকালীন ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠ ছাড়ার সময় এস্তেভাওকে বেশ আবেগপ্রবণ দেখা যায়। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, চোটের ধরন গুরুতর হওয়ায় দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন হবে। চেলসির সদ্য বিদায়ী কোচ লিয়াম রসেনিয়র ম্যাচ পরবর্তী সময়ে খেলোয়াড়ের শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ক্লাবের হয়ে ৩৬ ম্যাচে ৮ গোল এবং ৪ অ্যাসিস্ট করা এই ফরোয়ার্ড বর্তমানে চেলসির আক্রমণভাগের প্রধান ভরসা ছিলেন।

এস্তেভাওয়ের এই অনুপস্থিতি চেলসির জন্য এক বড় বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। ক্লাবটি বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় প্রতিকূল অবস্থানে রয়েছে। এর আগে জোয়াও পেদ্রো, কোল পামার এবং জেমি গিটেন্সের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যাওয়ায় ব্লুজদের আক্রমণভাগ এখন খাদের কিনারে। আক্রমণভাগের নিয়মিত খেলোয়াড়দের একের পর এক চোট কোচিং স্টাফদের নতুন করে পরিকল্পনা সাজাতে বাধ্য করছে।

তবে সবচেয়ে বড় আঘাত এসেছে ব্রাজিল জাতীয় দলের ক্ষেত্রে। ২০২৬ ফিফা বিশ্বকাপের আগে কোচ কার্লো আনচেলত্তির তুরুপের তাস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এস্তেভাও। সেলেসাওদের হয়ে ১১ ম্যাচে অংশ নিয়ে শেষ চার ম্যাচেই চার গোল করেছেন তিনি। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা এখন অত্যন্ত ক্ষীণ। যদিও চিকিৎসকদের একটি অংশ মনে করছেন বিশ্বকাপের আগে তিনি সুস্থ হতে পারেন, তবে পূর্ণ ফিটনেস ফিরে পাওয়া এবং বিশ্বকাপের মতো আসরে নামার আগে পর্যাপ্ত ম্যাচ অনুশীলনের সুযোগ পাওয়া নিয়ে সংশয় রয়ে গেছে।

ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশনের (সিবিএফ) মেডিকেল টিম সার্বক্ষণিক চেলসির সাথে যোগাযোগ রাখছে। আনচেলত্তির অধীনে এস্তেভাও যে ক্ষীপ্রতা ও কার্যকারিতা প্রদর্শন করেছিলেন, তার অভাব টুর্নামেন্টে ব্রাজিলের কৌশলে প্রভাব ফেলতে পারে। গ্রুপ পর্বের ম্যাচগুলো শুরু হওয়ার আগে নিজের ফিটনেস প্রমাণ করার জন্য এস্তেভাও পর্যাপ্ত সময় পাবেন কি না, সেটিই এখন দেখার বিষয়। পালমেইরাস থেকে চেলসিতে যোগ দেওয়ার পর বিশ্ব ফুটবলের উদীয়মান তারকা হিসেবে পরিচিতি পাওয়া এই ফুটবলারের ক্যারিয়ারে এটি প্রথম বড় কোনো ধাক্কা। চোট কাটিয়ে দ্রুত মাঠে ফিরতে না পারলে তার প্রথম বিশ্বকাপ খেলার স্বপ্ন অধরাই থেকে যেতে পারে।

খেলাধূলা শীর্ষ সংবাদ