স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের আভাস: কমিশন বৈঠকে বসছে আজ

স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের আভাস: কমিশন বৈঠকে বসছে আজ

জাতীয় ডেস্ক

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন বিধিমালায় ব্যাপক সংশোধন ও সংস্কার আনতে আজ বুধবার (১৩ মে) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত এই সংশোধনীতে প্রার্থীদের জামানত বৃদ্ধি, প্রচার পদ্ধতিতে পরিবর্তন এবং আইনি কাঠামো পুনর্গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

মঙ্গলবার নির্বাচন কমিশনার মো. আব্দুর রহমানেল মাছউদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিদ্যমান বিধিমালা যুগোপযোগী করার লক্ষ্যে এই আলোচনা আয়োজিত হচ্ছে। কমিশন সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে অবহিত করা হবে।

ইসি সূত্রে জানা গেছে, প্রস্তাবিত সংশোধনীতে নির্বাচনী ব্যয়ের লাগাম টানতে প্রার্থীদের জামানতের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব রয়েছে। এছাড়া প্রচারণায় পরিবেশবান্ধব ও আধুনিক পদ্ধতি যুক্ত করতে সনাতন কাগজের পোস্টার ব্যবহারের বিধান বাতিল করার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। এর পরিবর্তে ডিজিটাল বা বিকল্প মাধ্যমে প্রচারের সুযোগ রাখা হতে পারে। তবে সংসদ নির্বাচনের অভিজ্ঞতার আলোকে অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা বা প্রক্রিয়াটি স্থানীয় নির্বাচনে না রাখার প্রাথমিক চিন্তাভাবনা রয়েছে কমিশনের।

উল্লেখ্য, বর্তমান কমিশন ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিধিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে। সেখানে পোস্টারে প্রচারণা নিষিদ্ধ করা, জামানত বৃদ্ধি এবং নির্বাচনী অপরাধের শাস্তির কঠোর বিধান যুক্ত করা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও একই ধরনের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা এবং শৃঙ্খলা বজায় রাখার বিধানগুলো একীভূত করার পরিকল্পনা করা হচ্ছে।

সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্যে থাকছে স্থানীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের বিধানটি বাদ দেওয়া। সংসদ নির্বাচনের মতো এখানেও কাগজের ব্যালটে ভোটগ্রহণের বিষয়টি চূড়ান্ত হতে পারে। এছাড়া রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাতিলের বিষয়টিও এবারের আলোচনার অন্যতম প্রধান এজেন্ডা।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সংশোধনীগুলো পাশ হলে স্থানীয় নির্বাচনে প্রার্থীর সংখ্যা যেমন নিয়ন্ত্রিত হবে, তেমনি প্রচারণার ধরন ও আইনি কাঠামোতে একটি বড় গুণগত পরিবর্তন আসবে। বিশেষ করে দলীয় প্রতীক বাদে নির্বাচনের সিদ্ধান্ত তৃণমূল পর্যায়ের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বুধবারের বৈঠকে এসব বিষয়ের বিস্তারিত পর্যালোচনা শেষে চূড়ান্ত খসড়া আইন মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে।

জাতীয় শীর্ষ সংবাদ