জাতীয় ডেস্ক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রার চতুর্থ দিন, অর্থাৎ ২৬ মে’র অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ শনিবার (১৬ মে) নির্ধারিত সূচি অনুযায়ী শতভাগ টিকিট অনলাইন মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ মে সম্ভাব্য ঈদুল আজহা ধরে বাংলাদেশ রেলওয়ে এই ঈদ স্পেশাল টিকিটের বিশেষ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, পশ্চিমাঞ্চলে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে উন্মুক্ত করা হচ্ছে। এবার ঈদের আগের ৫ দিনের (২৩ থেকে ২৭ মে) টিকিট বিশেষ ব্যবস্থাপনায় দেওয়া হচ্ছে। এর আগে ১৩ মে ২৩ মে’র, ১৪ মে ২৪ মে’র এবং ১৫ মে ২৫ মে’র টিকিট বিক্রি শেষ হয়েছে। আগামীকাল ১৭ মে শেষ দিনের (২৭ মে’র) অগ্রিম টিকিট বিক্রি করা হবে।
টিকিট কালোবাজারি রোধ ও সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতে এক ব্যক্তি সর্বোচ্চ একবার এবং সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। এই অগ্রিম টিকিট কোনোভাবেই ফেরত (রিফান্ড) দেওয়া যাবে না। শতভাগ অনলাইন টিকিটিং ও এনআইডি যাচাইয়ের মাধ্যমে টিকিট কেনা বাধ্যতামূলক করায় সাধারণ যাত্রীরা স্টেশন ছাড়াই ঘরে বসে টিকিট সংগ্রহ করতে পারছেন, যা রেলওয়ের আধুনিকায়ন ও ঈদ ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।


