অপরাধ ডেস্ক
সিলেটের দক্ষিণ সুরমার পারাইচক এলাকায় রেললাইন থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিলেট রেলওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিক সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত নারী ওই এলাকায় ভবঘুরে হিসেবে পরিচিত ছিলেন। প্রাথমিকভাবে একে রেল দুর্ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস জানান, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত নারীর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। তাঁর পরিচয় শনাক্তের জন্য রেলওয়ে পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ছায়াতদন্ত শুরু করেছে এবং ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত ও আঙুলের ছাপ সংগ্রহ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


