দেশ গঠনে যার যার অবস্থান থেকে সহযোগিতা করুন : প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশ গঠনে যার যার অবস্থান থেকে সহযোগিতা করুন : প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয়  ডেস্ক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেশ গঠনে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে পারস্পরিক সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, একজন নাগরিক হিসেবে যদি সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা সম্ভব হবে। তিনি সমাজে পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন এবং যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে কাজ করছেন, তাদের সর্বাত্মক সহায়তা করার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানান। ইসিবি চত্বরের অনুষ্ঠানটি সড়কের ওপর আয়োজিত হওয়ায় জনসাধারণের সাময়িক চলাচলের অসুবিধার কথা বিবেচনা করে সংক্ষিপ্ত আকারে কর্মসূচি সম্পন্ন করা হয়।

দলীয় কার্যক্রম ও ভবিষ্যৎ সাংগঠনিক পরিকল্পনা প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান ইঙ্গিত দেন যে, খুব দ্রুতই দলের সাংগঠনিক রূপরেখা নিয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হবে। তিনি বলেন, সাংগঠনিক নেতৃবৃন্দ এবং কর্মীদের সাথে বসে আলোচনার মাধ্যমে দলকে কীভাবে আরও শক্তিশালী ও গতিশীল করা যায়, সে বিষয়ে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।

এর আগে বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া অ্যাভিনিউস্থ রাজধানী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অনুরূপ আরেকটি কর্মসূচিতে অংশ নেন তারেক রহমান। সেখানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর পাশাপাশি এই কর্মসূচির আওতায় সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা এবং বিভিন্ন জনকল্যাণমূলক সামাজিক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

রাজধানীর বিভিন্ন স্থানে আয়োজিত জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর এই কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দেশের উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন এবং বর্তমান সরকারের কল্যাণমুখী নীতি বাস্তবায়নে সাধারণ মানুষের অংশগ্রহণ কামনা করেন।

জাতীয় শীর্ষ সংবাদ