জনস্বাস্থ্য ডেস্ক
চলতি মৌসুমে ডেঙ্গুর সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, এবার ডেঙ্গু আক্রান্ত রোগীদের হেমোরেজিক বা অভ্যন্তরীণ রক্তক্ষরণের উচ্চ আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশব্যাপী ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী এ সব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের পূর্বাভাস অনুযায়ী এবারের ডেঙ্গুর ধরন বিগত বছরগুলোর চেয়ে ভিন্ন এবং মারাত্মক হতে পারে। হেমোরেজিক ডেঙ্গুর কারণে রোগীর শরীরে দ্রুত রক্তক্ষরণ শুরু হওয়ার ঝুঁকি থাকে। এই জটিলতা এড়াতে প্রাক-সচেতনতা এবং দ্রুত চিকিৎসার ওপর জোর দেন তিনি। লার্ভা নিয়ন্ত্রণে কড়া হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, যেকোনো সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও ভারী জরিমানা করা হবে।
একই অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম জানান, সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী দক্ষিণ সিটির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ২৮টি ওয়ার্ডকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতার আহ্বান জানান।
বিশেষজ্ঞদের মতে, হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়লে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) এবং প্লাটিলেট সরবরাহের ওপর তীব্র চাপ সৃষ্টি হতে পারে। প্রাতিষ্ঠানিক জরিমানা এবং নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব হলে সংক্রমণের গতি কমিয়ে আনা যাবে। দুই সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই সমন্বিত বিশেষ অভিযান আগামী তিন মাস পর্যন্ত চলমান থাকবে।


