৬৫% শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম অপরিবর্তিত, সংকটের জন্য পূর্ববর্তী নীতি দায়ী

৬৫% শতাংশ গ্রাহকের বিদ্যুতের দাম অপরিবর্তিত, সংকটের জন্য পূর্ববর্তী নীতি দায়ী

অর্থ-বাণিজ্য ডেস্ক

শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত গ্রাহকদের জন্য বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়নি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানি শেষে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও সরকারের বিশেষ নির্দেশনায় দেশের প্রায় ৬৫ শতাংশ গ্রাহক এই মূল্যবৃদ্ধির আওতামুক্ত থাকবেন।

শনিবার সচিবালয়ে দেশের সার্বিক বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে সরকারের দুই নীতিনির্ধারক এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, প্রান্তিক ও স্বল্প আয়ের মানুষের আর্থিক সক্ষমতা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং অভ্যন্তরীণ উৎপাদন খরচের সমন্বয়ের জন্য বিইআরসি বিদ্যুতের দাম বাড়ানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন করলেও বৃহৎ জনগোষ্ঠীর ওপর এর চাপ কমাতে সরকার ভর্তুকি নীতি বজায় রেখেছে। এর ফলে দেশের মোট গ্রাহকের প্রায় দুই-তৃতীয়াংশ আগের হারেই বিদ্যুৎ বিল পরিশোধের সুবিধা পাবেন, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে রাখতে সহায়ক ভূমিকা পালন করবে।

একই সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের ঐতিহাসিক পটভূমি এবং কাঠামোগত দুর্বলতা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, বিগত সরকারগুলোর আমদানিনির্ভর নীতি ও প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে খাতটি দীর্ঘমেয়াদি সংকটে পড়েছে। পূর্ববর্তী সময়ে দীর্ঘমেয়াদি দেশীয় উৎপাদনমুখী নীতি গ্রহণ না করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং জ্বালানি তেল আমদানির ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি করা হয়েছিল। এর ফলে বর্তমান আন্তর্জাতিক বাজার পরিস্থিতিতে সরকারকে বিশাল অর্থনৈতিক ও প্রশাসনিক বোঝা বহন করতে হচ্ছে।

তথ্যমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। খাতটিকে স্বাবলম্বী করতে এবং আমদানিনির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে নতুন কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। রাষ্ট্র পরিচালনায় এবং বিশেষ করে বিদ্যুৎ খাতের চুক্তি ও প্রকল্প বাস্তবায়নে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ