জাতীয় ডেস্ক
মালয়েশিয়া সফর শেষে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে যোগ দিতে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে এটিই তার প্রথম কোনো বৈশ্বিক সম্মেলনে অংশগ্রহণ। মঙ্গলবার চীনের দালিয়ানে প্রধানমন্ত্রীর এ সফর ও কর্মসূচি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
ব্রিফিংয়ে জানানো হয়, ২১ সদস্যের একটি সংক্ষিপ্ত প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রী দালিয়ানে পৌঁছালে তাকে চীন সরকারের পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা ও সর্বোচ্চ রাষ্ট্রীয় প্রটোকল প্রদান করা হয়। ডব্লিউইএফ আয়োজিত ‘সামার দাভোস (২০২৬)’ সম্মেলনে অংশগ্রহণের মূল উদ্দেশ্য দেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য একটি আস্থাশীল পরিবেশ নিশ্চিত করা।
মঙ্গলবার সন্ধ্যায় ডব্লিউইএফের ‘ক্লাইমেট লিডারশিপ ইন আ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ’ শীর্ষক সেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন-পুনঃখনন, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার ২০ শতাংশে উন্নীত করার নির্বাচনী অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এছাড়া, আন্তর্জাতিক অঙ্গনে ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’-এর কার্যকর বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য পর্যাপ্ত জলবায়ু অর্থায়নের আহ্বান জানান তিনি।
জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে ব্যয় হিসেবে না দেখে একে সমৃদ্ধি, স্থিতিশীলতা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য বিনিয়োগ হিসেবে বিবেচনা করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
একই দিন সন্ধ্যায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে এক নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই নৈশভোজে দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, গিনি, মন্টিনিগ্রো এবং কাজাখস্তানের সরকারপ্রধানরাও উপস্থিত ছিলেন। এর আগে তিনি ডব্লিউইএফ-এর প্রেসিডেন্ট আলোইস জভিংগির সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একটি ফলপ্রসূ বৈঠক সম্পন্ন করেন।
প্রধানমন্ত্রীর পরবর্তী কর্মসূচি সম্পর্কে মুখপাত্র জানান, বুধবার সকালে প্রধানমন্ত্রী ডব্লিউইএফ আয়োজিত ‘অ্যানুয়াল মিটিং অব দ্য নিউ চ্যাম্পিয়ন্স’-এ অংশ নেবেন। এরপর চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিতে তিনি হাই-স্পিড ট্রেনে দালিয়ান থেকে রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবেন।
মুখপাত্র মাহ্দী আমিন বলেন, বিশ্ব দরবারে সমতা ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির মাধ্যমে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করা হচ্ছে। দালিয়ানে প্রধানমন্ত্রীর এই কূটনৈতিক তৎপরতা দেশে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি জাতীয় সক্ষমতাকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।


