জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা নেই

আন্তর্জাতিক ডেস্ক

পূর্ব এশিয়ার দেশ জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে ৬.৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) সকাল সাড়ে ৭টায় এ ভূকম্পন অনুভূত হয়। শক্তিশালী এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া উপকূলে কোনো সুনামি সতর্কতাও জারি করেনি দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ)।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরের ইওয়াতে প্রিফেকচারের উপকূলবর্তী এলাকা এবং এর কেন্দ্রস্থল ছিল ভূগর্ভের ৫০ কিলোমিটার গভীরে। উপকূলীয় শহর কুজি থেকে প্রায় ৪২ কিলোমিটার (২৬ মাইল) দূরে এ কম্পন অনুভূত হয়। টোকিওসহ আশপাশের এলাকাগুলোতেও মৃদু কম্পন টের পাওয়া গেছে। জাপানি ভূকম্পন তীব্রতা পরিমাপক সূচক ‘শিন্ডো’ অনুযায়ী, আওমোরি প্রিফেকচারের হাশিকামি শহরে কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল ‘আপার ৬’। এই মাত্রার কম্পনে সাধারণ মানুষের পক্ষে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা অসম্ভব এবং আসবাবপত্র উল্টে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়।

ভূমিকম্পের পর দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রীর কার্যালয়ের ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারে একটি জরুরি টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী এক বিবৃতিতে জানান, সুনামি আঘাত হানার কোনো আশঙ্কা নেই, তবে আগামী কয়েকদিন সমমাত্রার আফটারশক বা অনুকম্পন হওয়ার ঝুঁকি থাকায় উপদ্রুত এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। একই সাথে প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি আক্রান্ত এলাকার ক্ষয়-ক্ষতির প্রকৃত চিত্র আকাশপথ থেকে মূল্যায়নের জন্য সেলফ-ডিফেন্স ফোর্সেসকে (এসডিএফ) নির্দেশ দিয়েছেন।

এদিকে ভূমিকম্পের পরপরই স্থানীয় যোগাযোগ ও অবকাঠামো ব্যবস্থায় সাময়িক বিঘ্ন ঘটেছে। তোহুকু শিনকানসেন লাইনের বুলেট ট্রেন চলাচল সেন্দাই ও আওমোরি স্টেশনের মধ্যে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে বিদ্যুৎ ও পারমাণবিক শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, আওমোরি ও মিয়াগি প্রিফেকচারে অবস্থিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কোনো ধরনের অস্বাভাবিকতা বা বিপর্যয়ের লক্ষণ দেখা যায়নি। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জরুরি উদ্ধারকারী দলগুলো যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

আন্তর্জাতিক শীর্ষ সংবাদ