একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী

একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

দেশের মাধ্যমিক পর্যায়ের ২৯ হাজারেরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে সবুজায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) দুপুর ২টায় রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে তিনি ভার্চুয়ালি এই বৃহৎ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন। সরকারের পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রতিটি শিক্ষার্থীকে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ নীতি বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে কেন্দ্র করে এই পরিকল্পনা সাজানো হয়েছে। এর আওতায় আগামী ৫ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় মোট ৫ কোটি চারা রোপণ করার মহাপরিকল্পনা গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, দেশের মোট ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এই কর্মসূচিতে যুক্ত হবে। এর মধ্যে ১৮ হাজার ৯০৭টি মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ৪৪৬টি স্কুল অ্যান্ড কলেজ এবং ৯ হাজার ২৬৮টি মাদরাসা রয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সোমবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানটি হওয়ার কথা থাকলেও, অনিবার্য কারণে সময় পরিবর্তন করে দুপুর ২টায় পুনঃনির্ধারণ করে আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

পরিবেশ ও জলবায়ু সচেতনতা তৈরিতে কেবল চারা রোপণই নয়, এর টেকসই রক্ষণাবেক্ষণের জন্য প্রাতিষ্ঠানিক আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে সরকার। লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সুবিধার্থে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রতিবছর ৫ হাজার টাকা করে বিশেষ ‘জলবায়ু সচেতনতা অনুদান’ প্রদান করা হচ্ছে। চলতি বছর প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে ১টি ফলদ, ১টি বনজ এবং ১টি ঔষধি—এই ৩টি করে মানসম্মত গাছের চারা রোপণের মাধ্যমে কার্যক্রম শুরু হবে।

সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা তৈরি এবং কার্যক্রমটিকে উৎসবমুখর করতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আয়োজন করা হয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানে বড় পর্দায় (প্রজেক্টর) প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে। অনুষ্ঠানটিকে সম্পূর্ণ অংশগ্রহণমূলক করতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষক ও শিক্ষার্থীরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হওয়ার এবং অনুভূতি প্রকাশের সুযোগ পাবেন।

তৃণমূল পর্যায়ে এই কর্মসূচির সফল বাস্তবায়নে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত স্থানীয় অনুষ্ঠানে সংশ্লিষ্ট এলাকার মন্ত্রী, সংসদ সদস্য, স্থানীয় সরকার প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত থেকে সরাসরি বৃক্ষরোপণে অংশ নেবেন। পরিবেশবিদদের মতে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে এমন সমন্বিত উদ্যোগ দেশের বনভূমির পরিমাণ বৃদ্ধি এবং বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব ফেলবে।

জাতীয় শীর্ষ সংবাদ