চট্টগ্রামে বন্যার কারণে স্থগিত আজকের এইচএসসি পরীক্ষা, অন্য বোর্ডে যথাযীতি চলবে

চট্টগ্রামে বন্যার কারণে স্থগিত আজকের এইচএসসি পরীক্ষা, অন্য বোর্ডে যথাযীতি চলবে

শিক্ষাঙ্গন ডেস্ক

প্রবল বন্যা পরিস্থিতি এবং বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে আজ বুধবার (৮ জুলাই) অনুষ্ঠিতব্য সব এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এই বোর্ডের বাইরে দেশের অন্য আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের পূর্বনির্ধারিত পরীক্ষাসমূহ যথারীতি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত মধ্যরাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, বন্যা পরিস্থিতি এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর জেলা প্রশাসকদের (ডিসি) প্রেরিত প্রতিবেদনের ভিত্তিতে পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীকালে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এর আগে মঙ্গলবার রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি প্রাথমিকভাবে কেবল চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা স্থগিতের ঘোষণা দিয়েছিল। তবে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ সব জেলার বুধবারের পরীক্ষা স্থগিতের চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই থেকে শুরু হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে প্রায় ১২ লাখ ৭০ হাজার নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির পূর্বাভাস থাকায় এবার পরীক্ষা শুরুর পূর্বেই প্রতিটি বিষয়ে বিকল্পসহ তিন সেট করে প্রশ্নপত্র প্রস্তুত রাখা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জাতীয় শীর্ষ সংবাদ