জাতীয় ও শিক্ষা ডেস্ক
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) সামার-২০২৬ টার্মে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ সমাজকে উদ্ভাবনী ক্ষমতায় সমৃদ্ধ হতে হবে এবং বিশ্বমঞ্চে দেশের নেতৃত্ব নিশ্চিত করতে হবে।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে উচ্চশিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি জানান, দেশের মেধা পাচার রোধ এবং প্রবাসে থাকা দক্ষ জনশক্তিকে দেশে ফিরিয়ে আনতে সরকার ‘রিভার্স ব্রেইন ড্রেইন’ সংক্রান্ত বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হার্ভার্ড, ক্যাম্ব্রিজ ও এমআইটির মতো বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়ের আদলে রূপান্তর করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ফুল ও ফলজ বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ উন্নয়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এবারের সামার-২০২৬ টার্মে স্নাতক (বিএস) পর্যায়ে ৫১৩ জন, স্নাতকোত্তর (এমএস) পর্যায়ে ৩০ জন এবং পিএইচডি পর্যায়ে ৩ জনসহ সর্বমোট ৫৪৬ জন নবীন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। অনুষ্ঠানে তারা অংশ নেন এবং উন্মুক্ত পর্বে উচ্চশিক্ষার পরিবেশ ও সুযোগ-সুবিধা নিয়ে শিক্ষামন্ত্রীর সাথে সরাসরি প্রশ্নোত্তর সেশনে যুক্ত হন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি এবং গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম এবং ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।


