অপরাধ ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাং ‘কবজি কাটা’ গ্রুপের সক্রিয় সদস্য শহিদুল ইসলাম আপনকে (২৮) গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গত শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি চাপাতি এবং একটি সুইচ-গিয়ার উদ্ধার করা হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, সিটিটিসির সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শেখেরটেক এলাকায় অভিযান পরিচালনা করে আপনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আপন দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। তার বিরুদ্ধে আদাবর থানায় আগের একটি মামলা রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং বা অপরাধী চক্রগুলোর তৎপরতা দমনে পুলিশ ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। গ্রেফতারকৃত আপনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নতুন মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। চক্রের অন্য সদস্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।


