১৫ জুলাই প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে চারা রোপণের নির্দেশ

১৫ জুলাই প্রাথমিক বিদ্যালয়ে ৫টি করে চারা রোপণের নির্দেশ

জাতীয় ডেস্ক

প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে আগামী ১৫ জুলাই দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা রোপণের সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেদিন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি শ্রেণির অন্তত পাঁচটি করে গাছের চারা রোপণ করতে হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখা থেকে জারি করা এক বিশেষ নির্দেশনায় দেশের সব বিভাগীয় উপ-পরিচালককে এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাতিষ্ঠানিক প্রাঙ্গণে সবুজায়ন বৃদ্ধি এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচির তারিখ অনুযায়ী, আগামী ১৫ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কেন্দ্রীয়ভাবে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হবে। একই সময়ে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে একযোগে চারা রোপণ কার্যক্রম পরিচালিত হবে।

অধিদপ্তর এই নির্দেশনাকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করেছে এবং এর অনুলিপি মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকল নীতি-নির্ধারক ও মাঠ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। মাঠ প্রশাসনকে নির্দিষ্ট সময়ের মধ্যে চারা রোপণ নিশ্চিত করে অধিদপ্তরকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

জাতীয় শীর্ষ সংবাদ