প্রযুক্তি ডেস্ক
চট্টগ্রামকে একটি স্মার্ট, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘আমাদের চট্টগ্রাম’ নামের একটি ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস মোবাইল ও ওয়েব অ্যাপ্লিকেশন চালু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। শনিবার সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
নাগরিক সেবা আধুনিকায়ন ও সহজলভ্য করার উদ্দেশ্যে উদ্ভাবিত এই অ্যাপটি বাস্তবায়নে করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) খাতের আওতায় আর্থিক সহায়তা প্রদান করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং এর কারিগরি সহায়তা প্রদান করেছে ভেনটো টেক।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, একটি স্বচ্ছ ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ার লক্ষ্যেই ডিজিটাল এই প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে। অ্যাপটির মাধ্যমে নগরবাসী এখন অত্যন্ত সহজে তাদের দৈনন্দিন সমস্যাগুলো কর্তৃপক্ষের নজরে আনতে পারবেন। বিশেষ করে রাস্তাঘাটের ক্ষতি, জলাবদ্ধতা, মশার উপদ্রব, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি বিকল এবং নর্দমা সংক্রান্ত সমস্যার মতো মোট ১০টি ক্যাটাগরির অভিযোগ নাগরিকরা ছবি ও সঠিক লোকেশনসহ সরাসরি চসিকের সার্ভারে পাঠাতে পারবেন।
প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো অভিযোগ ট্র্যাকিং। মেয়র জানান, অভিযোগ করার পর সেটি কোন পর্যায়ে রয়েছে, অর্থাৎ সমাধানের প্রক্রিয়া চলমান নাকি সম্পন্ন হয়েছে, তা নাগরিকরা অ্যাপটির মাধ্যমেই লাইভ ট্র্যাক করতে পারবেন। এতে যেমন প্রশাসনিক কাজের গতিশীলতা বাড়বে, তেমনি সিটি কর্পোরেশনের কাজের জবাবদিহিতাও নিশ্চিত হবে।
উদ্যোগটির বিস্তারিত তুলে ধরে জানানো হয়, অ্যাপটিতে কেবল অভিযোগ জানানোর সুযোগই রাখা হয়নি, বরং জরুরি নাগরিক সেবা গ্রহণের পাশাপাশি হোল্ডিং ট্যাক্স প্রদান এবং ট্রেড লাইসেন্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ কার্যক্রমও এখন একটি প্ল্যাটফর্মেই সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়া মেয়রের সঙ্গে সরাসরি যোগাযোগের সুবিধাও এই অ্যাপে যুক্ত করা হয়েছে।
শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে প্রতিটি নাগরিকের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন চসিক মেয়র। তিনি বলেন, কোনো একক প্রতিষ্ঠানের পক্ষে একটি মহানগরীকে শতভাগ সুন্দর রাখা চ্যালেঞ্জিং। নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ এবং দায়িত্বশীলতাই একটি শহরকে সত্যিকারের বাসযোগ্য করে তুলতে পারে। ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপটি নাগরিকদের সেই অংশগ্রহণের নতুন দ্বার উন্মোচন করেছে। তিনি পর্যায়ক্রমে অ্যাপটি ডাউনলোড করে নিজের শহরের বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালনের জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী এবং রাজনৈতিক নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রযুক্তিবিদরা মনে করছেন, এই অ্যাপ্লিকেশনটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কার্যক্রমে দীর্ঘদিনের প্রশাসনিক সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা সম্ভব হবে। অভিযোগ নিষ্পত্তির ডিজিটাল এই প্রক্রিয়াটি কার্যকর হলে নাগরিক সেবার মান বাড়বে এবং সরকারি সেবার প্রতি মানুষের আস্থা সুসংহত হবে। চসিকের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর সার্বিক উন্নয়নের ধারা বজায় রাখতে ভবিষ্যতে ডিজিটাল সেবার পরিধি আরও সম্প্রসারিত করা হবে।


