মধ্যপ্রাচ্য সংকটে থমকে থাকার পর দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি নাবিক

মধ্যপ্রাচ্য সংকটে থমকে থাকার পর দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি নাবিক

বাণিজ্য ডেস্ক

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা ও হরমুজ প্রণালির মারাত্মক নিরাপত্তা সংকটে আন্তর্জাতিক জলসীমায় প্রায় চার মাস আটকে থাকার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’-এর ১৭ জন বাংলাদেশি নাবিক নিরাপদে দেশে ফিরেছেন।

দীর্ঘ অনিশ্চয়তা ও মানসিক উৎকণ্ঠা শেষে মঙ্গলবার বিকেল ৫টা ৪২ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে দুবাই হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। বিমানবন্দরে উপস্থিত স্বজনদের সঙ্গে আবেগঘন পুনর্মিলন শেষে তারা নিজ নিজ গন্তব্যে রওনা হন।

আন্তর্জাতিক সমুদ্রসীমায় সামরিক অস্থিরতার কারণে সৃষ্ট এই সংকট কাটিয়ে নাবিকদের প্রথম বহর দেশে পৌঁছানোয় বিএসসি কর্তৃপক্ষ ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, নাবিকদের শারীরিক ও মানসিক সুস্থতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ডারবান বন্দর থেকে বিমানযোগে তাদের দেশে আনার ব্যবস্থা করা হয়। জাহাজে কর্মরত সমুদ্রকর্মীদের পর্যায়ক্রমে দেশে ফেরানোর যে কৌশলগত পরিকল্পনা নেওয়া হয়েছে, তারই প্রথম ধাপে এই ১৭ জনকে ফিরিয়ে আনা হলো।

সংস্থাটির তথ্যমতে, প্রথম দফায় দেশে ফেরা সদস্যদের তালিকায় রয়েছেন জাহাজের মাস্টার, চিফ অফিসার, বিভিন্ন স্তরের প্রকৌশলী, ক্যাডেট ও রেটিং। জাহাজের ধারাবাহিক পরিচালনা বজায় রাখতে ইতোমধ্যে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নতুন ১৭ জন অভিজ্ঞ নাবিকের আরেকটি দল দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে পৌঁছে ‘এমভি বাংলার জয়যাত্রা’ জাহাজে স্থলাভিষিক্ত হিসেবে যোগদান করেছেন।

বিএসসির শিপ পারসোনেল বিভাগের মহাব্যবস্থাপক ক্যাপ্টেন জিয়াউর রহমান জানান, বর্তমানে জাহাজটির বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। ডারবান বন্দরে পণ্য খালাস ও নতুন পণ্য বোঝাই প্রক্রিয়া শেষ করে আগামী কয়েক দিনের মধ্যে জাহাজটি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হবে। মালয়েশিয়া পৌঁছানোর পর জাহাজে অবস্থানরত অবশিষ্ট ১৪ জন বাংলাদেশি নাবিককে দ্বিতীয় ধাপে দেশে ফিরিয়ে আনা হবে।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত বৃদ্ধির পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালিতে নিরাপত্তা ঝুঁকি তীব্র আকার ধারণ করে। সার্বিক নিরাপত্তার স্বার্থে উক্ত অঞ্চলে অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলোর চলাচল সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান, যুদ্ধাবস্থার মানসিক চাপ এবং চুক্তিভিত্তিক মেয়াদের অতিরিক্ত সময় আটকে থাকায় সমুদ্রকর্মীদের মানবিক বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ নেয় বিএসসি। অবশিষ্ট নাবিকদের প্রত্যাবর্তন সম্পন্ন হলে এই সংকটের পূর্ণাঙ্গ সমাধান হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

অর্থ বাণিজ্য শীর্ষ সংবাদ