অপরাধ ও দুর্ঘটনা ডেস্ক
নেত্রকোনার বারহাট্টায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এনামুল (৩৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে নেত্রকোনা-বারহাট্টা সড়কের রাজুরবাজার কান্দুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত এনামুল বারহাট্টা উপজেলার সিংধাভাটিপাড়া গ্রামের লালচান মিয়ার ছেলে। তিনি পার্শ্ববর্তী মোহনগঞ্জ এলাকায় বিভিন্ন সামগ্রীর ব্যবসা পরিচালনা করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে মোহনগঞ্জ থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা নেত্রকোনা সদরের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে রাজুরবাজার কান্দুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই এনামুলের মৃত্যু হয়।
দুর্ঘটনায় অটোরিকশার চালক ও বাকী চার যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে নেত্রকোনা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


