মুম্বাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে গিয়ে বলিউড অভিনেত্রী আয়েশা খান আটক

মুম্বাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানাতে গিয়ে বলিউড অভিনেত্রী আয়েশা খান আটক

বিনোদন ডেস্ক

ভারতে চলমান শিক্ষার্থী আন্দোলনের সমর্থনে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে মুম্বাই পুলিশের হাতে আটক হয়েছেন বলিউড অভিনেত্রী আয়েশা খান। গত বুধবার বিকেলে মুম্বাইয়ের দাদারে আয়োজিত কর্মসূচিস্থল থেকে তাকে আটক করা হয়। প্রায় তিন ঘণ্টা পুলিশি হেফাজতে রাখার পর পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়।

মূলত ভারতের রাজধানী দিল্লিতে শুরু হওয়া ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) নামীয় সংগঠনের ব্যানারে চলমান শিক্ষার্থীদের এই আন্দোলন সম্প্রতি দেশটির বিভিন্ন বড় শহরে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের ন্যায়সঙ্গত দাবির প্রতি সংহতি জানাতে এবং তাদের অধিকার রক্ষার উদ্দেশ্যে আয়েশা খান দাদারের ওই কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন। তবে আয়েশার দাবি অনুযায়ী, অনুষ্ঠানস্থলে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি, মিছিল কিংবা স্লোগান দেওয়ার আগেই পুলিশ তাকে ও তার সহযোগীদের জোরপূর্বক আটক করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওবার্তায় অভিনেত্রী পুরো ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগ করেন, তিনি তার দুই নারী বন্ধুর সঙ্গে রাস্তার একপাশে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু পরিস্থিতি কোনো ধরনের অপ্রীতিকর রূপ নেওয়ার আগেই প্রায় ১৫ জন পুলিশ সদস্য এসে তাদের ঘিরে ফেলে এবং জোরপূর্বক পুলিশের গাড়িতে তুলে নেয়। এর আগেই তার ভাই এবং অন্য পুরুষ সহযোগীদের পৃথক পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। আটককারীদের ওপর কোনো ধরনের নিয়মভঙ্গের অভিযোগ ছিল না এবং তারা কোনো ব্যানার বা প্ল্যাকার্ড প্রদর্শন করছিলেন না বলেও জানান তিনি।

আটকের পর আয়েশা খান ও তার সহযোগীদের তাৎক্ষণিকভাবে ওরলি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে প্রায় তিন ঘণ্টা পর তাদের মুক্তি দেওয়া হয়। তবে পুলিশ হেফাজতে থাকাকালীন তুলনামূলক সৌহার্দ্যপূর্ণ আচরণ করা হলেও আটকের মুহূর্তে তাদের সঙ্গে চরম হয়রানিমূলক আচরণ করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন এই অভিনেত্রী।

উল্লেখযোগ্য যে, সিজেপির ব্যানারে আয়োজিত এই শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে ভারতের বিনোদন জগতের বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও প্রভাবশালী ব্যক্তিত্ব প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। শাবানা আজমি, প্রকাশ রাজ, রত্না পাঠক শাহ এবং নাসিরুদ্দিন শাহের মতো জ্যেষ্ঠ শিল্পীরাও শিক্ষার্থীদের প্রতিবাদ করার গণতান্ত্রিক অধিকারের পক্ষে সরব হয়েছেন। ফলে এই আন্দোলন ও রাজপথের প্রতিক্রিয়া ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিনোদন শীর্ষ সংবাদ