জাতীয় ডেস্ক
ঢাকা, ২৫ জুলাই—সাংবাদিকতা কোনো মতাদর্শ, অনুমান কিংবা অ্যাক্টিভিজমের জায়গা নয়; বরং বস্তুনিষ্ঠ সত্য ও ডেটাভিত্তিক তথ্যের ওপর ভিত্তি করেই প্রকৃত সংবাদচর্চা পরিচালনা করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালেটিকস (দায়রা) আয়োজিত ‘বেঙ্গল ডেল্টা কনফারেন্স-২০২৬’-এর প্যানেল আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ‘দক্ষিণ এশিয়ার গণমাধ্যম কি ভিন্ন ভিন্ন রূপে একই ধরনের হুমকির সম্মুখীন হয়?’ শীর্ষক আলোচনাটি সঞ্চালনা করেন নাজমুল আহসান।
প্যানেল আলোচনায় তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তি ও মোবাইল সাংবাদিকতার এই যুগে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের মূল চ্যালেঞ্জ ভুয়া তথ্য ও অপতথ্য প্রতিরোধ করা। সাংবাদিকদের আবেগ বা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে দায়িত্বশীলভাবে আসল সত্য প্রকাশ করতে হবে। সুনির্দিষ্ট উপাত্ত বা তথ্য ছাড়া কোনো ধারণাই খবর হতে পারে না।
অনুষ্ঠানে অন্যান্য প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন হিমাল সাউথ এশিয়ানের প্রতিষ্ঠাতা সম্পাদক কনক মণি দীক্ষিত, ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম এবং দ্য হিন্দু’র কূটনৈতিক সম্পাদক সুহাসিনী হায়দার।


