সন্তানের নৈতিক শিক্ষা ও ঈমানের ওপর অবিচল থাকার বার্তা হারামাইনের খতিবদের

সন্তানের নৈতিক শিক্ষা ও ঈমানের ওপর অবিচল থাকার বার্তা হারামাইনের খতিবদের

ইসলাম ও জীবন ডেস্ক

পবিত্র মক্কা ও মদিনার দুই মসজিদে জুমার খুতবায় মুসলিম উম্মাহর উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা পেশ করেছেন হারামাইনের খতিবদ্বয়। মদিনার মসজিদে নববীতে শৈশব থেকেই সন্তানকে নৈতিক শিক্ষা দান ও ঈমানি চেতনা জাগ্রত করার প্রতি জোর দেওয়া হয়েছে। অন্যদিকে, মক্কার মসজিদুল হারামে নানা সংশয় ও প্রতিকূলতার মাঝে ঈমানের ওপর অবিচল থাকার আহ্বান জানানো হয়েছে।

পবিত্র মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মুহসিন আল-কাসিম খুতবায় বলেন, সন্তানরা মহান আল্লাহর দেওয়া বিশেষ আমানত। শৈশব থেকেই তাদের মনে ঈমানি চেতনা, নিয়মিত সালাতের অভ্যাস এবং পবিত্র কোরআন অনুধাবনের শিক্ষা দেওয়া বাবা-মায়ের প্রধান দায়িত্ব।

সন্তানদের সঙ্গে সদয় আচরণ করা ও সুন্নাহ অনুসরণে তাদের মেধা-প্রতিভার বিকাশ ঘটানোর তাগিদ দিয়ে তিনি বলেন, সন্তানের সফলতার জন্য পিতা-মাতার দোয়া অত্যন্ত জরুরি। সুসন্তান গড়ে তোলা মা-বাবার যৌথ দায়িত্ব, যা ইহকাল ও পরকালে নিরবচ্ছিন্ন কল্যাণ ও বরকত বয়ে আনে।

এদিকে মসজিদুল হারামের খতিব শায়খ ড. বান্দার বালিলা খুতবায় বলেন, চারপাশে বিভিন্ন পরীক্ষা, ফিতনা ও সংশয়ের মধ্যে ঈমানের ওপর অবিচল থাকাই একজন মুমিনের নাজাতের মূল পথ। ঈমান টিকিয়ে রাখার জন্য নিয়মিত আল্লাহর কাছে দোয়া করা, কোরআন অনুধাবন করা এবং নবীদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন।

সমসাময়িক সংকটময় পরিস্থিতিতে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফিতনা ও কঠিন সময়ে ধৈর্য ধারণ করতে হবে এবং পবিত্র কোরআন ও সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

ধর্ম শীর্ষ সংবাদ