গোবিন্দগঞ্জে ট্রাকে বাসের ধাক্কায় যাত্রীর পা বিচ্ছিন্ন, আহত ১০

গোবিন্দগঞ্জে ট্রাকে বাসের ধাক্কায় যাত্রীর পা বিচ্ছিন্ন, আহত ১০

অপরাধ ও দুর্ঘটনা ডেস্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় অনন্ত দাস (২৭) নামের এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন যাত্রী। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পা হারানো অনন্ত দাস উপজেলার চক গোবিন্দপুর এলাকার উজ্জ্বল দাসের ছেলে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাপড়িগঞ্জ এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই যাত্রী অনন্তর বাম পা বিচ্ছিন্ন হয়ে পড়ে।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। ১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, দুর্ঘটনার পর যান চলাচল সাময়িক ব্যাহত হলেও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শীর্ষ সংবাদ সারাদেশ